Collector
চোরাকারবারি সঙ্গে দর কষাকষির অডিও ভাইরাল, এসআই প্রত্যাহারের পর ওসিও বদলি | Collector
চোরাকারবারি সঙ্গে দর কষাকষির অডিও ভাইরাল, এসআই প্রত্যাহারের পর ওসিও বদলি
Somoy TV

চোরাকারবারি সঙ্গে দর কষাকষির অডিও ভাইরাল, এসআই প্রত্যাহারের পর ওসিও বদলি

নেত্রকোনার সীমান্ত এলাকায় চোরাকারবারি আটকের ঘটনায় মামলায় নাম দেয়ার বিষয়ে দর কষাকষির অডিও কল ভাইরালের ঘটনায় আবু হানিফা নামের এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ ঘটনায় থানার ওসি মো. সিদ্দিক হোসেনকেও বদলি করা হয়েছে।বৃহস্পতিবার (৭ মে) নেত্রকোনা কলমাকান্দা থানার এসআই ও ওসির বদলির খবর নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার। তিনি জানান, এসআই কে পুলিশ লাইন্সে এবং ওসিকে পেমই তদন্ত কেন্দ্রে (ফাঁড়ি) বদলি করা হয়েছে। এরআগে, বুধবার রাতে চোরাকারবারি আটকের ঘটনা নিয়ে এক জনের সঙ্গে কথোপকথনের একটি অডিও ভাইরাল হওয়ার ঘটনা ঘটে। স্থানীয় একাধিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি পিকআপ থেকে ১৮ বস্তা ডাভ শ্যাম্পু, অলিভ অয়েলসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ হয়। এ সময় পিকআপচালক শিংপুর গ্রামের নাসিম মিয়া (২৫) ও তার সহকারী মুনির মিয়াকে (২১) আটক করা হয়। পরে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আরও পড়ুন: প্রসিকিউটরের ‘কোটি টাকা ঘুষ দাবির’ অডিও ফাঁস: তদন্ত শুরু এদিকে রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি অডিও ছড়িয়ে পড়ে।  যেখানে কলমাকান্দা থানার এসআই আবু হানিফার সঙ্গে মো. জসিম উদ্দিন নামের এক ব্যক্তির কথোপকথন শোনা যায়। ৫ মিনিট ২৩ সেকেন্ডের প্রথম অডিওটিতে জসিমকে বলতে শোনা গেছে স্যার, ‌‘আপনাকে ৮০ হাজার টাকা দেবো। আপনি আমারে মামলায় দিবেন না। শুধু দুই বস্তা মাল আটক দেখাবেন।’ জবাবে আবু হানিফাকে বলতে শোনা যায়, ‘না ভাই, যা বলছি তার কম হবে না। আপনি ৩ লাখ টাকা দেন। আমি একটা জায়গার কথা বলবো সেখানে আপনি নিয়ে আসেন। এটা আপনার জন্যই ভালো হবে। এরপর আমরা তো আছিই...’। রাত একটা ৪১ মিনিটে রেকর্ড করা ৩ মিনিট ১২ সেকেন্ডের অপর অডিওটিতে ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘আপনি যা করবেন তাড়াতাড়ি করেন। আমি এখন ভবানীপুর ব্রিজ পার হচ্ছি। যান- আপনার জন্য আমি ছাড় দিলাম আড়াই টাকা (আড়াই লাখ) নিয়ে আসেন।’ তখন জসিমকে বলতে শোনা যায়, ‘ভাই ছাড় দিছেন যখন আরেকটু দেন। আমি কষ্ট করে হলেও আপনাকে ২ লাখ টাকা দিচ্ছি। আমারে একটু সময় দেন...’। আরও পড়ুন: ‘তোর কাফনের কাপড় রেডি, মরার জন্য প্রস্তুত থাকিস’ এক পর্যায়ে আবু হানিফা বলেন, ‘দেইখেন হোয়াটসঅ্যাপে কথা অন্য ফোনের রেকর্ড করা যায় এটা করবেন না...’। এমন অডিও ফাঁসের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। যা পুলিশের ঊর্ধ্বতনদেরও নজরে আসে। পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, ছড়িয়ে পড়া অডিওটি আমার নজরে আসার সঙ্গে সঙ্গে অভিযুক্ত এসআই মো. আবু হানিফাকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

Go to News Site