Collector
জকসুর উদ্যোগে শুরু হচ্ছে বিনা মূল্যে বেসিক কম্পিউটার কোর্স | Collector
জকসুর উদ্যোগে শুরু হচ্ছে বিনা মূল্যে বেসিক কম্পিউটার কোর্স
Jagonews24

জকসুর উদ্যোগে শুরু হচ্ছে বিনা মূল্যে বেসিক কম্পিউটার কোর্স

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে ছাত্রছাত্রীদের দক্ষতা উন্নয়নে বিনা মূল্যে বেসিক কম্পিউটার কোর্স চালু হতে যাচ্ছে। আগামী ১৫ মে থেকে কোর্সের ক্লাস শুরু হবে। এতে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ব্যবহার, সিভি তৈরি, পিডিএফ ও গুগল ফরম তৈরিসহ কম্পিউটারের প্রাথমিক ধারণা দেওয়া হবে। কোর্সটি অনলাইনের মাধ্যমে চার দিনে মোট ১০ ঘণ্টায় শেষ হবে। কোর্স শেষে অংশগ্রহণকারীরা সনদ, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা আকর্ষণীয় পুরস্কার, বিনা মূল্যে প্রয়োজনীয় শিট ও নিবন্ধনকারী ৫০ জন বিনা মূল্যে ক্যানভা প্রিমিয়াম পাবেন। এ বিষয়ে জকসু ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘নির্বাচনের সময় আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার যে ইশতেহার দিয়েছিলাম, তার ধারাবাহিকতায় বিভিন্ন দক্ষতাভিত্তিক কোর্স চালু করেছি। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সফট স্কিল ও হার্ড স্কিল- এই দুই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে হার্ড স্কিলের কার্যক্রম চলমান রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা ইউনিসেফের সঙ্গে চুক্তি করেছি। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও ৮-১০টি নতুন কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া আরও একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দক্ষতামূলক কোর্সের আয়োজন করা হবে। আমরা নামমাত্র কোর্স ফি নিয়ে বা অনেক সময় বিনা মূল্যে শিক্ষার্থীদের জন্য এই দক্ষতামূলক কোর্সের সুযোগ করে দিচ্ছি। যাতে করে একজন শিক্ষার্থী করপোরেট জগতে প্রবেশের জন্য যেসব মৌলিক দক্ষতা প্রয়োজন, আমরা সেগুলো অর্জনে সহায়তা করতে চাই। এরই ধারাবাহিকতায় বেসিক কম্পিউটার কোর্স চালু করা হয়েছে।’ কোর্সটির আয়োজক জকসুর কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান বলেন, ‘বর্তমান সময়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি কম্পিউটার দক্ষতা অপরিহার্য। এই বাস্তবতাকে সামনে রেখেই আমরা ফ্রি বেসিক কম্পিউটার কোর্সের আয়োজন করেছি। ১০ ঘণ্টাব্যাপী এই কোর্সে মাধ্যমে অংশগ্রহণকারীরা মাইক্রোসফটের কাজসহ সিভি তৈরি এবং প্রয়োজনীয় ডিজিটাল স্কিল সম্পর্কে মৌলিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে সহায়ক হবে।’ টিএইচকিউ/একিউএফ

Go to News Site