Somoy TV
ফেদে ভালভার্দে ও অরেলিন চুয়ামেনি একে অপরের সঙ্গে মারামারি করে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছেন। রিয়াল মাদ্রিদ তাদের প্রত্যেককে ৫ লাখ ইউরো অর্থদণ্ড দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ইউরো মানে ৭ কোটি টাকারও বেশি।রিয়াল মাদ্রিদ মারামারির ঘটনায় তদন্ত করে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তদন্তে ভালভার্দে ও চুয়ামেনি দুজনই উপস্থিত ছিলেন। এ বিষয়ে শুক্রবার (৮ এপ্রিল) বিবৃতিতে রিয়াল জানিয়েছে, এ ঘটনায় উভয় খেলোয়াড় দুঃখ প্রকাশ করেছেন এবং একে অপরের কাছে ক্ষমা চেয়েছেন। ক্লাবের উপযুক্ত শাস্তি মেনে নিতে রাজি হওয়ার পর তাদের ৫ লাখ ইউরো করে জরিমানার সিদ্ধান্ত হয়।বিবৃতিতে রিয়াল লেখে, ‘এই ঘটনার জন্য তারা সম্পূর্ণ অনুশোচনা প্রকাশ করেছেন এবং একে অপরের কাছে ক্ষমা চেয়েছেন। ক্লাব, সতীর্থ খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের কাছেও ক্ষমা প্রার্থনা করেছেন। উভয়েই ক্লাব যে শাস্তি উপযুক্ত মনে করবে তা গ্রহণ করতে প্রস্তুত বলে জানানোর পর তাদের প্রত্যেককে পাঁচ লাখ ইউরো অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ প্রক্রিয়ার সমাপ্তি ঘটল।’ভালভার্দে ও চুয়ামেনির বিরোধে জড়ানোর ঘটনা গত ৬ এপ্রিলের। অনুশীলন থেকে শুরু হওয়া বিরোধ হাতাহাতির পর্যায়ে চলে যায়। দুই খেলোয়াড় মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে ধাক্কা দেন এবং তীব্র তর্কে জড়িয়ে পড়েন। পরে ড্রেসিংরুমেও সেই ঝগড়া চলতে থাকে। ভ্যালদেবেবাসে এই অস্বস্তিকর ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে অন্যরা তাদের শান্ত করেন।আরও পড়ুন: ফেলিক্সের হ্যাটট্রিক, রোনালদোর ১০০তম সৌদি গোল—আল নাসরের দাপুটে জয়৭ এপ্রিল ফের ঝগড়া বাধে তাদের। মার্কা জানায়, সকালে ভালভার্দে চুয়ামেনির সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। এরপর পুরো অনুশীলনজুড়ে উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করে। ভালভার্দের পক্ষ থেকে কঠোর ট্যাকল চলছিল, যা শেষ পর্যন্ত ফরাসি মিডফিল্ডার চুয়ামেনিকে ক্ষিপ্ত করে তোলে। ট্রেনিং শেষে ড্রেসিংরুমে তাদের মধ্যে বড় ধরনের সংঘর্ষ বাধে। ওই সময়ই ভালভার্দে চুয়ামেনির দ্বারা আঘাত পান ও তার শরীর কেটে যায়। যদিও বলা হচ্ছে চুয়ামেনি ইচ্ছাকৃতভাবে আঘাত করেননি।ঘটনার গুরুত্ব এতটাই বেশি ছিল যে সংঘর্ষের কয়েক মিনিটের মধ্যেই ড্রেসিংরুমে জরুরি বৈঠক ডাকে রিয়াল মাদ্রিদ। সেখানে উপস্থিত ছিলেন হোসে অ্যাঞ্জেল সানচেজ। তিনিই দুই খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন।
Go to News Site