Jagonews24
চট্টগ্রামকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (৮ মে) নগরের কাতালগঞ্জের কিশলয় কনভেনশন হলে ২৫৭০ বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বৌদ্ধ ভিক্ষু, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে মেয়র বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। চট্টগ্রামকে সব ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, গৌতম বুদ্ধের শান্তি, মৈত্রী ও মানবকল্যাণের শিক্ষা আজকের বিশ্বে অত্যন্ত প্রাসঙ্গিক। সহনশীলতা, মানবতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই একটি সুন্দর ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবনানন্দ মহাথের, সুনন্দ মহাথের, ড. বুদ্ধপ্রিয় মহাথের ও অভয়ানন্দ মহাথের। দিনব্যাপী অনুষ্ঠানে বিশ্বশান্তি কামনায় শোভাযাত্রা, মহাসংঘদান, সদ্ধর্মদেশনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বক্তারা ধর্মীয় সম্প্রীতি, অহিংসা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। এমআরএএইচ/ইএ
Go to News Site