Somoy TV
প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, জুলাই জাতীয় সনদে সই করে তা না মানার কোনো সুযোগ নেই। সবাই মিলে একত্র হয়ে একটি ডকুমেন্টে সই করার পর তা অস্বীকার করা অযৌক্তিক।শুক্রবার (৮ মে) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলা অডিটরিয়ামে নিজ এলাকায় আগমন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এনসিপি নেতা নাহিদ ইসলামের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।। নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করি না। তবে নতুন সংসদে তাদের বয়স বেশি নয়, বিষয়টি বোঝা দরকার। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক জনসভায় সাংবাদিকদের সামনে প্রধান উপদেষ্টাসহ সব রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে সই করেছে। প্রথম দিকে এনসিপি সই না করলেও পরে তারাও করেছে। এখন সনদে যা লেখা আছে, তারা সেটি মানতে চাইছে না; তা তো হতে পারে না।’ তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, জুলাই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে মান্য করব। কিন্তু সনদে যা বলা আছে, তা কার্যকর করতে সংসদে বিল উত্থাপন করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে অনুমোদন করতে হবে। আর এর জন্য যতটুকু সময় দরকার, তা দিতে হবে। একটি বিল পাসের অনেক প্রক্রিয়া আছে। আইন মন্ত্রণালয়ে খসড়া হয়, এরপর সংসদে পেশ হওয়ার পর স্থায়ী কমিটিতে যায়। সেখান থেকে পরামর্শ আসার পর সংসদে অনুমোদন হয়।’ আরও পড়ুন: সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশগুলো সম্পর্কে তিনি বলেন, ‘নতুন সংসদ দায়িত্ব নেয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের শতাধিক অধ্যাদেশ সংসদে এসেছে। সেগুলো একটি একটি করে পাস করতে অনেক দিন সময় চলে গেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পাস না হলে সেগুলো বাতিল হয়ে যেত, এটিই সংবিধানের নিয়ম। ফলে এগুলো দ্রুত করতে গিয়ে সময় লেগেছে। এটি তারা না বুঝতে চাইলে তো হবে না। সংসদ সদস্য হয়ে যদি কেউ সংসদীয় নিয়ম বা আইন না বুঝতে চান, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।’ উপদেষ্টা বলেন, ‘আমরা এ নিয়ে দুশ্চিন্তা করছি না। আল্লাহর মেহেরবানিতে বিএনপির যথেষ্ট জনসমর্থন রয়েছে। আমরা কারও হুমকিতে বিচলিত নই। আমাদের অনুরোধ থাকবে, বিষয়টি বোঝার চেষ্টা করুন। সহযোগিতা করুন। আমরা যখন বলছি বাস্তবায়ন করব, তখন বাইরে কিছু চেয়ে ঝামেলা সৃষ্টির দরকার নেই। জুলাই জাতীয় সনদে যা লেখা আছে, সে অনুযায়ী আমরা সবাই সিদ্ধান্ত নেব।’ জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতানা মাহমুদ বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।
Go to News Site