Somoy TV
যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে হত্যার শিকার হন দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। ফ্লোরিডায় জোড়া খুনের এ ঘটনায় করা মামলার আসামি হিশাম সালেহ আবু আবুগারবিয়েহর মৃত্যুদণ্ড চেয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।ফ্লোরিডা রাজ্যের আইন অনুযায়ী,মৃত্যুদণ্ডের জন্য প্রয়োজনীয় ‘অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর’ বা গুরুতর তথ্য উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছেন প্রসিকিউটররা। স্থানীয় সময় শুক্রবার এ সংক্রান্ত খবর প্রকাশ করা হয় মার্কিন সংবাদমাধ্যমে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ মে) হিশামের বিরুদ্ধে দুটি প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন গ্র্যান্ড জুরি। এরপরই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশের জন্য আবেদন সংক্রান্ত এই সিদ্ধান্তের কথা জানান ফ্লোরিডা স্টেট অ্যাটর্নি সুজি লোপেজ। অভিযুক্ত হিশামের মৃত্যুদণ্ডের জন্য প্রয়োজনীয় গুরুতর অভিযোগ বিবেচনায় নেয়া হয়। তার মধ্য রয়েছে- হত্যাকাণ্ড ছিল ঠান্ডা মাথায় ও পূর্বপরিকল্পিত, অপরাধ ছিল অত্যন্ত নৃশংস, ভয়াবহ ও নিষ্ঠুর এবং একই ঘটনায় একাধিক হত্যাকাণ্ড। আরও পড়ুন: লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: ধাপে ধাপে বের হচ্ছে ভয়াবহ পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য হিশামের বিরুদ্ধে মোট সাতটি আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে- অস্ত্র ব্যবহার করে পরিকল্পিতভাবে বৃষ্টি ও লিমনকে হত্যা করা, আলামত ও সাক্ষ্যপ্রমাণ নষ্ট করা, মরদেহ সরানো বা গোপন করার দুটি এবং মৃত্যু গোপনের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনী বা মেডিকেল পরীক্ষককে অবহিত না করার দুটি অভিযোগ। স্টেট অ্যাটর্নি সুজি লোপেজ বলেন, ‘এই মর্মান্তিক ঘটনা পুরো কমিউনিটিকে নাড়িয়ে দুই পরিবারকে ধ্বংস করে দিয়েছে। নিহত শিক্ষার্থীরা বাংলাদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে এসেছিলেন। কিন্তু ভয়াবহ সহিংসতায় তাদের জীবন শেষ হয়ে গেছে।’ আগামী ১৮ মে স্থানীয় সময় সকাল ৯টায় হিলসবরো কাউন্টি আদালতে মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। মামলার প্রধান প্রসিকিউটর হিসেবে কাজ করবেন লিঞ্জি হোজেস। তাকে সহায়তা করবেন স্কট হারমেন, জন টেরি এবং জেসিকা কোভারটিয়ার। জামিল আহমেদ লিমন (২৭) ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। গত ১৬ এপ্রিল নিখোঁজ হন তারা। এরপর তাদের একজন বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন। পরে পুলিশ নিশ্চিত করে, দুজনই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করেছে পুলিশ।
Go to News Site