Jagonews24
বলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেত্রী বিদ্যা বালন সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ার করেছেন জীবনের গুরুত্বপূর্ণ এক দৃষ্টিভঙ্গি, যা তিনি নিজের সাফল্যের মন্ত্র হিসেবে বিবেচনা করেন। তার মতে, জীবনে সবাইকে খুশি করা কখনোই সম্ভব নয়। তাই অন্যের মতামতের চেয়ে নিজের ওপর বিশ্বাস রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদ্যা বলেন, ‘আপনি কখনোই সবাইকে খুশি করতে পারবেন না। কেউ মনে করতে পারেন আপনি ঠিক, আবার কেউ ভাবতে পারেন আপনি ভুল। এটা আপনার নিয়ন্ত্রণে নেই। কিন্তু আপনি নিজের কাছে নিজেকে প্রমাণ করতে পারেন-সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার কথাকে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার শক্তিশালী বার্তা হিসেবে দেখছেন। ১৯৭৯ সালের ১ জানুয়ারি মুম্বাইয়ে এক তামিল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বিদ্যা বালান। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার গভীর আগ্রহ ছিল, যা ধীরে ধীরে তাকে ভারতীয় চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত করে। ২০০৫ সালে পরিণীতা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। প্রথম ছবিতেই অভিনয়ের জন্য দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। এরপর একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজেকে বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন। শুধু হিন্দি সিনেমাই নয়, বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গেও বিদ্যার রয়েছে বিশেষ সংযোগ। তিনি বাংলা ভাষায় সাবলীল এবং এই সংস্কৃতির প্রতি তার আলাদা টান রয়েছে। ২০০৩ সালে ভালো থেকো সিনেমার মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে কাজ শুরু করেন। আরও পড়ুন:পাঁচ বছর পর একই অনুষ্ঠানে সামান্থা-নাগা, তবুও কথা হয়নিশুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনা, থমকে গেল প্রভাসের ‘ফৌজি’ অভিনয় দক্ষতা, আত্মবিশ্বাস এবং নিজের প্রতি দৃঢ় বিশ্বাস-এই তিনের সমন্বয়েই বিদ্যা বালন আজও দর্শকদের অনুপ্রেরণা দিয়ে চলেছেন। তার সাম্প্রতিক মন্তব্যও যেন সেই একই বার্তা বহন করে-সাফল্যের জন্য সবচেয়ে জরুরি হলো নিজের ওপর আস্থা রাখা এবং নিজের কাছে নিজেকে সঠিক প্রমাণ করা। এমএমএফ/এএসএম
Go to News Site