Somoy TV
রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হয়েছেন। অস্ত্রধারী দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় তাকে গুলি করে হত্যা করা হয়।শনিবার (৯ মে) ভোরে জেলার সাজেক ও দীঘিনালা সীমান্তের মারিশ্যা-দীঘিনালা সড়কের দুর্গম শুকনাছড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম হেগেরা চাকমা (লেত্তবাপ)। তিনি ইউপিডিএফের (প্রসিত) শুকনাছড়ি এলাকার কালেক্টর হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শনিবার সকালে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুর্গম শুকনাছড়া এলাকায় কয়েকজন অস্ত্রধারী অবস্থান নেয়। বিষয়টি আঁচ করতে পেরে হেগেরা চাকমা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে হেগেরা চাকমা মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মৃত্যু হয়। আরও পড়ুন: খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা হত্যাকাণ্ডের বিষয়ে জানতে ইউপিডিএফের একাধিক নেতার মুঠোফোনে কল করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, 'একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার সংবাদ জেনেছি। খবর পেয়ে আমাদের সাজেক থানার আওতাধীন ১০ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগছে। পুলিশ সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।'
Go to News Site