Somoy TV
গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর বাড়িতে স্ত্রী ও তিন সন্তানসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। স্ত্রীর পরকীয়া ও ১০ লাখ টাকা আত্মসাতের ক্ষোভ থেকেই স্বামী ফোরকান মিয়া এই রোমহর্ষক হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।শুক্রবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শনিবার (৯ মে) সকালে ওই বাড়ি থেকে ফোরকানের স্ত্রী, তিন শিশুসন্তান ও শ্যালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে মরদেহের পাশে বেশ কিছু প্রিন্ট করা কাগজ পড়ে থাকতে দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব কাগজের সূত্র ধরে পুলিশ জানতে পারে, ফোরকান হোসেন এর আগে তার স্ত্রীর বিরুদ্ধে থানায় ১০ লাখ টাকা আত্মসাতের একটি অভিযোগ করেছিলেন। ওই অভিযোগপত্রে স্ত্রীর পরকীয়ার বিষয়টিও উল্লেখ করেছিলেন তিনি। মরদেহের পাশে পড়ে থাকা ওই অভিযোগের কপিগুলো থেকে এমন তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান। আরও পড়ুন: গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য সময় সংবাদকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ‘অভিযোগের কপিগুলো পড়ে প্রাথমিকভাবে মনে হচ্ছে এই ঘটনার সাথেও ফোরকান জড়িত। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ১০ লাখ টাকা আত্মসাৎ এবং পরকীয়ার বিষয়টি মেনে নিতে পারেননি ফোরকান। তাছাড়া ঘরে রান্না করা সেমাই, কোকাকোলা ও একটি মদের বোতল পাওয়া গেছে। খাবারের সাথে চেতনানাশক ওষুধ মেশানো হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখছি আমরা।’ চাঞ্চল্যকর এ ঘটনার পর থেকেই ফোরকান পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। উদ্ধার হওয়া অভিযোগের কপিগুলোর সত্যতা যাচাইয়ের কাজও চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Go to News Site