Somoy TV
ব্যর্থ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আলভারো আরবেলোয়ার স্থান এমনিতেই নড়বড়ে। তার ওপর সম্প্রতি ফেদে ভালভার্দে ও অরেলিন চুয়ামেনির ঘটনা ভালোভাবে সামাল দিতে পারেননি। মারামারিতে জখম হয়ে ভালভার্দেকে হাসপাতালেও যেতে হয়েছিল।সব মিলিয়ে আরবেলোয়ার বিদায়ের ঘণ্টা বেজে গেছে। নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু না করলেও রিয়াল মাদ্রিদ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে রোববারের বার্সেলোনা ম্যাচ শেষে। হারলেই গত কয়েক সপ্তাহ ধরে চলা প্রস্তুতির কাজ চূড়ান্ত রূপ পেতে পারে।মার্কার প্রতিবেদন বলছে, রিয়ালের সম্ভাব্য প্রার্থীদের তালিকাও এখন ছোট হয়ে এসেছে। তালিকার শীর্ষে আছেন পর্তুগিজ কোচ জোসে মরিনহো। যার সঙ্গে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের। পেরেজ কখনওই লুকাননি যে তিনি মরিনহোর বড় ভক্ত। তার মতে, মরিনহোর সময়টিই পরবর্তীতে ক্লাবের সাফল্যের ভিত্তি তৈরি করে দিয়েছিল।মরিনহোর কঠোর ব্যক্তিত্বও রিয়ালের বর্তমান পরিস্থিতি অনুযায়ী তাকে ভারী প্রার্থীতে পরিণত করেছে। দীর্ঘ ক্যারিয়ারে জটিল পরিস্থিতি সামাল দেওয়ার অভিজ্ঞতার কারণে মরিনহোকে অনেকেই আদর্শ সমাধান হিসেবে দেখছেন। দলে চরম উত্তেজনাপূর্ণ পরিবেশও তার ফেরার পক্ষে যুক্তি শক্তিশালী করছে।আরও পড়ুন: মারামারি করায় ভালভার্দে ও চুয়ামেনিকে ৭ কোটি টাকা করে জরিমানামরিসিও পচেত্তিনোর নামও আলোচনায় আছে এবং তাকেও পছন্দ করেন ফ্লোরেন্তিনো পেরেজ। যদিও সমর্থকদের মধ্যে মরিনহোর মতো উন্মাদনা তিনি তৈরি করতে পারেননি। জনপ্রিয়তার দিক থেকে মরিনহোর ওপরে কেবল ইয়ুর্গেন ক্লপ ও জিনেদিন জিদান। তবে ক্লপ কখনওই বাস্তবসম্মত বিকল্প ছিলেন না, আর জিদান বিশ্বকাপ শেষে ফ্রান্সের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় আছেন বলে জানা গেছে।ফ্রান্সের বর্তমান কোচ দিদিয়ের দেশামের নামও আলোচনায় রয়েছে। দলের ফরাসি খেলোয়াড়দের সঙ্গে তার ভালো সম্পর্ক এবং কোচ ও খেলোয়াড়, দুই ভূমিকাতেই সফল ক্যারিয়ার তাকে শক্তিশালী প্রার্থী বানিয়েছে। এছাড়া লিওনেল স্ক্যালোনির নামও এসেছে, যদিও ক্লাব ফুটবলে তার সীমিত অভিজ্ঞতা তাকে কিছুটা পিছিয়ে দিয়েছে।
Go to News Site