Somoy TV
পিরোজপুর সদর উপজেলার শাড়িকতলা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের অন্তত ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। আগুনে ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।শুক্রবার (৮ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাজারের একটি দোকানে হঠাৎ এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ভয়াবহ রূপ নিয়ে ছড়িয়ে পড়ে এবং পুরো বাজার এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ায় তাদের পক্ষে তা নেভানো সম্ভব হয়নি। পরে খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বাজারের কোনো একটি চায়ের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আরও পড়ুন: পিরোজপুরের বেহাল সড়ক দ্রুত মেরামতের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডে ওষুধের ফার্মেসি, ডেকোরেটর, মুদি দোকান, চায়ের দোকান ও চটপটির দোকানসহ মোট ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীর সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
Go to News Site