Somoy TV
দক্ষিণ কোরিয়ার সিউলিউং স্টেশনে সাবওয়ে ট্রেনে ওঠার জন্য ছাতা দিয়ে দরজা আটকে রাখার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এক যাত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।শনিবার (৯ মে ) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সিউল মেট্রো লাইন-২ এর একটি ট্রেন ছেড়ে যাওয়ার মুহূর্তে এক ব্যক্তি লম্বা ছাতা দরজার ফাঁকে ঢুকিয়ে দরজা বন্ধ হওয়া ঠেকানোর চেষ্টা করছেন। ধারণা করা হচ্ছে, দ্রুত ট্রেনে ওঠার উদ্দেশ্যেই তিনি এমন কাজ করেন। ভিডিও ধারণকারী ব্যক্তি জানান, ট্রেনের দরজা কিছুক্ষণ পর আবার খুললেও দ্রুত পুনরায় বন্ধ হয়ে যায় এবং ওই ব্যক্তি ট্রেনে উঠতে ব্যর্থ হন। পরে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর বন্ধ হয়ে গেলে তিনি ছাতাটি সরিয়ে প্ল্যাটফর্ম ত্যাগ করেন। ঘটনার পর অনলাইনে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বলেন, একজনের এমন বেপরোয়া আচরণের কারণে পুরো ট্রেনের সময়সূচি ব্যাহত হতে পারে এবং এতে অন্য যাত্রীরাও ভোগান্তিতে পড়েন। কেউ কেউ যাত্রী নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। আরও পড়ুন: বাংলাদেশ ও দ. কোরিয়ার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতার অঙ্গীকার একজন নেটিজেন মন্তব্য করেন, “একটি ট্রেন দেরি হলে এর প্রভাব পরবর্তী সব ট্রেনের ওপর পড়ে। এটি অত্যন্ত স্বার্থপর আচরণ।”আরেকজন লেখেন, “যাত্রী নিরাপত্তার জন্য এ ধরনের জোর করে ট্রেনে ওঠার চেষ্টা বন্ধ করা জরুরি। না হলে অন্যরাও একই কাজ শুরু করবে।” সিউল মেট্রো এর তথ্যমতে, গত পাঁচ বছরে রিপোর্ট হওয়া ২ হাজার ৩৮৭টি সাবওয়ে দুর্ঘটনার মধ্যে ৯৫৬টি, অর্থাৎ প্রায় ৪০ শতাংশই ট্রেনের দরজাসংক্রান্ত ঘটনায় ঘটেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
Go to News Site