Jagonews24
রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং দেশে ফেরার সময় প্রোটোকল (রাষ্ট্রাচার) হিসেবে বিমানবন্দরে কোন কোন কর্মকর্তাকে উপস্থিত থাকতে হবে তা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার নিয়ে গত ৪ মে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠি অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা এবং দেশে ফেরার সময় মাত্র সাতজনকে বিমানবন্দরে থাকতে হবে। এর আগে সর্বশেষ ২০১৭ সালের ১৬ মে রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং দেশে ফেরার সময়ের রাষ্ট্রাচার নিয়ে নির্দেশাবলী জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। সেই নির্দেশাবলী অনুযায়ী বিমানবন্দরের ১৩ জনকে থাকতে হতো। মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে মন্ত্রিসভার একজন সদস্য, ডিপ্লোমেটিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশন প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব ও রাষ্ট্রপতির সামরিক সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান বিমানবন্দরে উপস্থিত থাকবেন। আরএমএম/এমআইএইচএস
Go to News Site