Collector
ধর্ষণ মামলায় ফাঁসানো ইমামের চাকরি ফেরত-ক্ষতিপূরণের দাবি এনসিপির | Collector
ধর্ষণ মামলায় ফাঁসানো ইমামের চাকরি ফেরত-ক্ষতিপূরণের দাবি এনসিপির
Jagonews24

ধর্ষণ মামলায় ফাঁসানো ইমামের চাকরি ফেরত-ক্ষতিপূরণের দাবি এনসিপির

ফেনীতে ধর্ষণ মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো মসজিদের ইমাম ও মক্তব শিক্ষক মোজাফফর আহমদ জুবায়েরের হারানো চাকরি ফিরিয়ে দেওয়া এবং আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলটির নেতারা। শনিবার (৯ মে) ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা এসব দাবি জানান। এ সময় তিনি ভুক্তভোগী ইমামের ঋণ পরিশোধ ও পুনর্বাসনের আশ্বাস প্রদান করেন। সংবাদ সম্মেলনে তারেক রেজা বলেন, ইমাম মোজাফফরকে যেভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, তাতে তার অপূরণীয় সামাজিক ও আর্থিক ক্ষতি হয়েছে। যে সময় তার পাশে দাঁড়ানোর কেউ ছিল না। আমরা তার চাকরি ফেরত এবং রাষ্ট্রীয়ভাবে আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, আলেম বা ইমামদের প্রতি বিদ্বেষ থেকে তার প্রতি অবিচার করা হয়েছে। আমরা চাই, সামনে এমন যেন না হয়। এখানে যারা ষড়যন্ত্র করছে, তাদের যেন বিচারের আওতায় আনা হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য ও ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, এনসিপির পক্ষ থেকে আমরা এই ভুক্তভোগী ইমামের পাশে আছি। ইমামের অপূরণীয় ক্ষতি পূরণ করা হয়ত সম্ভব না। তবে সামাজিক ও আর্থিকভাবে তিনি যেন সসম্মানে পুনর্বাসিত হোন, তার ব্যবস্থা আমরা করতে চাই। সংবাদ সম্মেলনে নিজের ওপর হওয়া ঘটনার বর্ণনা করেন ভুক্তভোগী মোজাফফর আহমেদ জুবায়ের। এসময় দলটির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সূজা উদ্দিন সজিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিম, যুগ্ম সদস্য সচিব ফজলে এলাহী চৌধুরী সায়েম, যুব শক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার আহ্বায়ক পারভেজ আহমেদ এবং ছাত্রশক্তি জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন রাফি উপস্থিত ছিলেন। আবদুল্লাহ আল-মামুন/কেএইচকে/এমএস

Go to News Site