Somoy TV
২০২৩ সালে হাই-পারফরম্যান্স ইউনিটের কোচ হয়েই বাংলাদেশে এসেছিলেন ডেভিড হেম্প। বছর পেরোনোর আগেই দায়িত্ব পান জাতীয় দলের ব্যাটিং কোচের৷ সেই দায়িত্বের এক বছর পার হওয়ার আগেই আবারও এইচপিতে ফেরেন বারমুডার এই সাবেক ক্রিকেটার। এবার এই দায়িত্ব থেকেও অব্যাহতি পেতে যাচ্ছেন ডেভিড হেম্প।পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ শেষে এইচপি ইউনিটের হেড কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন৷ পুরোপুরি ঢেলে সাজানো এইচপির কোচিং স্টাফে আরও থাকবেন সোহেল ইসলাম, তুষার ইমরান, কলি কলিমোর, রাজিন সালেহ ও তালহা জুবায়ের। আগামী জিম্বাবুয়ে সফরে দায়িত্ব বুঝে নেবেন তারা। সালাউদ্দিন হেম্পকে স্থলাভিষিক্ত করলেও গুঞ্জন ছিল, অন্য কোনো দায়িত্ব পেতে পারেন হেম্প। তবে বিসিবির সূত্র বলছে, হেম্পকে নিয়ে আপাতত আর কোনো পরিকল্পনাই নেই বিসিবির। অর্থাৎ এরই মধ্য দিয়ে বাংলাদেশে ৩ বছরের কোচিং অধ্যায় শেষ হচ্ছে হেম্পের। আরও পড়ুন: ঝাড়খণ্ড ও বিহারের শীর্ষ করদাতা ধোনি ২০২৩ সালের এপ্রিলে এইচপির হেড কোচ হিসেবে বাংলাদেশে আসেন হেম্প। একই বছর একটি সিরিজে আপদকালীন হিসেবে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেন তিনি। সেখান থেকে আসেন জাতীয় দলের বিবেচনায়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ব্যাটিং কোচ হিসেবে ২ বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তি হয় হেম্পের। তবে ১ বছর পর আবারও এইচপির দায়িত্বে ফেরানো হয় এই কোচকে। সেসময় সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়ে টাইগারদের ব্যাটিং সামলানোর দায়িত্ব দেওয়া হয়। ১ বছর পর আবারও সালাউদ্দিন স্থলাভিষিক্ত হলেন হেম্পের। ২০২৪ সালের ২ বছরের চুক্তি অনুযায়ী, হেম্পের মেয়াদ শেষ হয়েছে ২ মাস আগে। আরও পড়ুন: আজান-ফজলের ব্যাটে পাকিস্তানের দাপট— দ্বিতীয় দিন শেষে শান্তরা এগিয়ে ২৩৪ রানে আগামী ১ জুন শুরু হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প। ৩ জুন জিম্বাবুয়ে ‘এ’ দল বাংলাদেশ এইচপি বিভাগের সঙ্গে খেলতে আসবে। এরপর ৮, ১০ এবং ১৩ জুন ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে বগুড়া এবং রাজশাহীতে। সীমিত ওভারের লড়াই শেষে তাদের মধ্যকার দুটি চারদিনের ম্যাচ গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। হোম সিরিজের পর জুলাইয়ে বাংলাদেশ এইচপি দল সফর করবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে তারা তিনটি একদিনের ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে। এরপর ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে থাকবে বাংলাদেশ এইচপি। এবারও সেখানে টপ এন্ড টি-টোয়েন্টির পরে দুটি চারদিনের ম্যাচ খেলবে তারা। এ ছাড়া ইমার্জিং এশিয়া কাপেও এইচপি থেকে ক্রিকেটারদের খেলানোর কথা রয়েছে।
Go to News Site