Collector
এলোমেলো বোলিং করেছি, আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন | Collector
এলোমেলো বোলিং করেছি, আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন
Somoy TV

এলোমেলো বোলিং করেছি, আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

ঢাকা টেস্টের প্রথম দিন শেষে শক্ত অবস্থানে ছিল বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ঠিক তার উল্টো পরিস্থিতি। দিনের শুরুতে ব্যাটিং বিপর্যয়ের পর বল হাতে মলিন ছিলেন তাসকিন আহমেদ-মেহেদী মিরাজরা। ফলে প্রথম দিনের আধিপত্যের জায়গাটা হারিয়ে ফেলেছে নাজমুল হোসেন শান্তর ফল।দিন শেষে সংবাদ সম্মেলনে শিষ্যদের বোলিং এবং ব্যাটিং ব্যর্থতার বিষয়টি অকপটে স্বীকার করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।  মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ২৩৪ রানে পিছিয়ে আছে পাকিস্তান। তবে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রানের জবাব এদিন দারুণ ব্যাটিং করেছে পাকিস্তান। অভিষিক্ত ওপেনার আজান আওয়াইসের অপরাজিত ৮৫ রান, ইমামুল হকের ৪৬ এবং আব্দুল্লাহ ফজলের অপরাজিত ৩৭ রানে ১ উইকেটে ১৭৯ রান করেছে দলটি। ৯ উইকেট হাতে রেখে শক্ত অবস্থানে থেকে শেষ করেছে দ্বিতীয় দিনের খেলা।  অন্যদিকে, বাংলাদেশ ৪ উইকেটে ৩০১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ১১২ রান করতেই শেষ ৬ উইকেট হারায়। বোলিংয়েও ৪৬ ওভার বল করে কেবল একটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।    আরও পড়ুন: আজান-ফজলের ব্যাটে পাকিস্তানের দাপট— দ্বিতীয় দিন শেষে শান্তরা এগিয়ে ২৩৪ রানে মাঠের এমন মলিন দিন শেষে দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন কোচ সালাউদ্দিন। শিষ্যদের পারফরম্যান্স পর্যালোচনায় বলেন, ‘সকাল বেলা পাকিস্তান ভালো বোলিং করছে। আমাদের পার্টনারশিপ হওয়াটা খুব কঠিন ছিল। আরেকটা ভালো পার্টনারশিপ হতে পারলে আমাদের জন্য ভালো হতো। কিন্তু দিন শেষে আমরা ৪০০ রান পার করেছি। আমার মনে হয়, আরও ৫০-৬০ রান করলে আমাদের জন্য অনেক ভালো হতো। কিন্তু বোলিংটা … আমরা একটু এলোমেলো বল করছি আজকে।’‘আসলে ব্যাটিং করাটা অনেক সময় সহজ যখন আপনি বাজে বল করবেন। তখন ব্যাটিং করা অনেক সহজ। বোলিংটা আসলে খুব সহজ কাজ না। আমরা একটু এলোমেলো বল করে ফেলেছি, এই কারণে হয়তো রানটা খুব দ্রুত উঠে গেছে। কিন্তু আমরা যদি হয়তো ভালো চ্যানেলে বল করতাম, তাহলে হয়তো এত রান উঠত না।’  আজ বাংলাদেশের ৪৬ ওভারের মধ্যে ২৫ ওভার করেছেন পেসাররা। পেস সহায়ক উইকেট হলেও কোনো উইকেটের দেখাই পাননি তারা। এ নিয়ে সালাউদ্দিন বলেন, ‘যখন উইকেটে ঘাস থাকে তখন বোলারদের উত্তেজিত হওয়ার সুযোগ থাকে। আমার মনে হয় ওখানেই আমরা ভুলটা করেছি। আমাদের ভালো জায়গায় বল করাটা খুব বেশি জরুরি ছিল সেখানে হয়তো আমরা ভুলটা করেছি।’  আরও পড়ুন: চুক্তি নবায়ন হচ্ছে না, বাংলাদেশ অধ্যায় শেষ হেম্পের তবে ৫ দিনের ম্যাচ যেহেতু, শিষ্যদের ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ দেখছেন সালাউদ্দিন। তার মতে, ‘এটা টেস্ট ক্রিকেট, কামব্যাক করার অনেক সুযোগ আছে। আজকে আমরা এটা রি-অ্যাসেস করব, আসলে কোথায় বল করতে হবে এই উইকেটে, কোন জায়গায় করলে ব্যাটারকে আরও বেশি সমস্যায় ফেলতে পারব, হয়তোবা আমরা কালকে আবার ভালোভাবে কামব্যাক করতে পারব।’  প্রথম ইনিংসে বাংলাদেশের ৫ উইকেট নিয়েছেন পাকিস্তানের আব্বাস। এই পেসারের বোলিং সম্পর্কে সালাউদ্দিন বলেন, ‘ও জায়গা ছাড়ে না। একটা জায়গাতে নিয়মিত বল করতে পারে। এটা একটা শক্তর জায়গা। সে এটা আগেও করেছে। এই উইকেটটাতে যেহেতু একটু মুভমেন্ট ছিল, ও সেটা ভালোভাবে কাজে লাগিয়েছে। কালকে আমরা ভালোভাবে হ্যান্ডেল করছিলাম। আমার মনে হয় যে আজকে ব্যাটার কম ছিল, এই কারণে হয়তো ওরা সহজভাবে নিয়েছে। মুশফিক যদি আরেকটু লম্বা খেলতে পারত তাহলে আমার মনে হয় না যে খুব বেশি হতাশ হওয়ার কিছু ছিল।’

Go to News Site