Jagonews24
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে এবার চারদিনব্যাপী নানান অনুষ্ঠানমালা চলবে। তবে পুলিশের সবচেয়ে বড় এ অনুষ্ঠানের আগ মুহূর্তে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান স্থগিত করা হয়েছে। কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এ বছর পুলিশ সপ্তাহে পদক পাওয়ার কথা ছিল বাহিনীর ১০৯ জন সদস্যের। জানা গেছে, পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো তালিকায় অস্বচ্ছতা এবং বিতর্কিত পুলিশ সদস্যদের নাম থাকায় পদক প্রদান কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থগিত করা হয়। দীর্ঘদিন থেকেই পুলিশে পদক প্রদান নিয়ে বিতর্ক রয়েছে। বিশেষ করে গত ১৮ বছরে বাহিনীর প্রধান থেকে শুরু করে পুলিশের শীর্ষ কর্মকর্তারা পদক নিয়ে আসছিলেন, যা নিয়ে বাহিনীর মধ্যেও ক্ষোভ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, চলতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ পদকের জন্য ১০৯ জন কর্মকর্তা ও সদস্যকে মনোনীত করা হয়েছিল। তবে তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে অন্তত ১১ জন অতীতেও আওয়ামী লীগ সরকারের আমলে পদক পেয়েছিলেন। এদের মধ্যে একজন কর্মকর্তা বিগত সরকারের সময় দুবার পদক লাভ করেন বলেও জানা গেছে। বিষয়টি নিয়ে পুলিশের অভ্যন্তরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, পুলিশ সপ্তাহের প্রথম দিন যে পদক দেওয়ার কথা ছিল সেটি হচ্ছে না। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সপ্তাহ উদ্বোধন করবেন। প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। তবে সরকারের ব্যয়সংকোচন নীতির কারণে এবারের আয়োজনে বড় ধরনের কাটছাঁট করা হয়েছে। সাতদিনের বদলে অনুষ্ঠান সীমিত করা হয়েছে চারদিনে। কমানো হয়েছে ইভেন্ট ও অতিথি সংখ্যা। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশের মৌলিক কিছু দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন পুলিশ সদস্যরা। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির পৃথক বাণী দিয়েছেন। এবারের বার্ষিক পুলিশ প্যারেডে নেতৃত্বে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তার নেতৃত্বে বিভিন্ন কনটিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেবেন। পুলিশ সপ্তাহের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রীর বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) স্টল পরিদর্শন, পুলিশ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর কল্যাণ প্যারেড, ঊর্ধ্বতন পুলিশ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ, আইজিপি ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদক উদ্ধারের পুরস্কার বিতরণ, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও আইজিপির সম্মেলন ইত্যাদি। পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্ম-অধিবেশনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। আগামী ১৩ মে পুলিশ সপ্তাহ শেষ হবে। টিটি/এমকেআর
Go to News Site