Collector
পাটশিল্পের বহুমুখীকরণ ও গুণগত মানের পণ্য তৈরি সরকারের লক্ষ্য | Collector
পাটশিল্পের বহুমুখীকরণ ও গুণগত মানের পণ্য তৈরি সরকারের লক্ষ্য
Jagonews24

পাটশিল্পের বহুমুখীকরণ ও গুণগত মানের পণ্য তৈরি সরকারের লক্ষ্য

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী দিনে সরকারের লক্ষ্য হলো পাট শিল্পের বহুমুখীকরণ ও গুণগত মানের পণ্য তৈরি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা। এতে আগামী পাঁচ বছরে দেশে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। শনিবার (৯ মে) রাতে নীলফামারীর সৈয়দপুরে বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, কৃষিজমি রক্ষা করেই শিল্পের প্রসার ঘটাতে হবে। আমরা বিসিকে শিল্প প্লট তৈরি করি, তার একটি সংগঠিত কাঠামো থাকে। সেখানে বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ও রয়েছে। দেশের বুনিয়াদ ক্ষুদ্র কুটির শিল্প এ খাতের উন্নয়ন বৈষম্য কমাবে। এর জন্য সরকার বিনিয়োগ ব্যবস্থা করবে। তিনি বলেন, রংপুর বিভাগেই কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিংয়ের। ফলে এ অঞ্চলে বিসিক শিল্পনগরীগুলোতে এবং এর বাইরে বিভিন্ন জায়গায় ছোট ছোট শিল্প কলকারখানা গড়ে উঠেছে। শিল্প বিকাশে কম লাভে ব্যাংক ঋণের ব্যবস্থা করবে সরকার। আরও ৪৪ একর জমির ওপর বিসিক সম্প্রসারণ করা হবে। এছাড়া গ্যাস প্রাপ্তি নিশ্চিতকরণের মাধ্যমে নীলফামারীসহ সারাদেশে যেসব কলকারখানায় গ্যাস সংযোগের প্রয়োজন আছে তা দিতেও সরকার প্রস্তুত। এসময় নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম, শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরুল হকসহ অন্য কর্মকর্তা ও বিসিক শিল্প মালিকেরা উপস্থিত ছিলেন। আমিরুল হক/এমকেআর

Go to News Site