Somoy TV
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’–এই প্রতিপাদ্য সামনে রেখে আজ রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬।প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে সকাল ৯টায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন। তবে বাহিনীর সবচেয়ে বড় এই আয়োজনের আগমুহূর্তে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ দেয়া ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান কার্যক্রম স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ১০৯ জন পুলিশ সদস্যের পদক পাওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ সদর দফতর থেকে পাঠানো তালিকায় অস্বচ্ছতা ও বিতর্কিত সদস্যদের নাম থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ উঠেছে, তালিকায় থাকা অন্তত ১১ জন কর্মকর্তা বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও পদক পেয়েছিলেন। এমনকি একজন কর্মকর্তা দুবার পদক পেয়েছেন বলেও তথ্য মিলেছে। এ নিয়ে বাহিনীর ভেতরে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।পদক স্থগিতের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পুলিশ সপ্তাহের প্রথম দিনে পদক দেয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। এ বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেয়া হবে। আরও পড়ুন: পুলিশে বড় রদবদল, ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলিএবারের পুলিশ সপ্তাহের বিশেষ দিক হলো, প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে এই আয়োজনের উদ্বোধন করবেন তারেক রহমান। তিনি বার্ষিক পুলিশ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তবে সরকারি ব্যয়সংকোচন নীতির কারণে সাত দিনের অনুষ্ঠান এবার চার দিনে নামিয়ে আনা হয়েছে। আগামী ১৩ মে এই আয়োজন শেষ হবে।পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আলাদা বাণী দিয়েছেন। এবারের প্যারেডে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।চার দিনের কর্মসূচির মধ্যে রয়েছে–পুনাক স্টল পরিদর্শন, পুলিশ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর কল্যাণ প্যারেড, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ, আইজিপি ব্যাজ প্রদান এবং মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠদের পুরস্কার বিতরণ। এ ছাড়া বিভিন্ন কর্ম-অধিবেশনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সদস্যরা তাদের কিছু মৌলিক দাবিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে জানা গেছে।
Go to News Site