Somoy TV
প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদ দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে তুলে ধরছে। এক নজরে জেনে নিন দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় রোববার (১০ মে) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো। বিদেশিদের অপরাধের জাল- দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবর এটি। প্রতিবেদনে বলা হয়েছে, ভালো চাকরি এবং বিদেশে নেয়ার প্রলোভনে দুই নারীকে ঢাকায় নিয়ে আসেন মিষ্টি আক্তার (ছদ্মনাম) নামে এক নারী। পরে তুরাগের দলিপাড়া এলাকার একটি ফ্ল্যাটে তাদের আটকে রেখে বিদেশি নাগরিকদের সঙ্গে অবৈধভাবে বিয়ে দিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে বাধ্য করার চেষ্টা চলে। অন্যদিকে চীনা নাগরিক জেং ফান ও জিন শুচুনসহ একটি চক্র তাদের চীনে পাচারের প্রস্তুতি নেয়। এভাবে প্রায় দুই মাস আটকে থাকার পর জরুরি সেবা ৯৯৯-এ খবর গেলে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে দুই তরুণীকে উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত নারী, চীনা নাগরিক জেং ফান ও জিন শুচুনকে গ্রেফতার করা হয়। তবে আরেক চীনা নাগরিক ঝেং ঝেন পালিয়ে যান। বেপরোয়া শীর্ষ সন্ত্রাসীরা, উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড - দৈনিক মানবজমিনে প্রথম পাতার খবর এটি। ফের মাথাচাড়া দিয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীরা। আধিপত্য বিস্তার, এলাকা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, দখলবাজি, খুন-খারাবিতে মেতে উঠেছে তারা। এক শীর্ষ সন্ত্রাসীর অনুসারীদের হাতে নিহত হচ্ছেন আরেক শীর্ষ সন্ত্রাসী। প্রকাশ্য গুলি করে হত্যা করা হচ্ছে। একেকটি খুনের ঘটনায় আড়ালে-আবডালে থাকা শীর্ষ সন্ত্রাসীদের কলকাঠি নাড়ার তথ্য বের হয়ে আসছে। তবে তথ্য প্রমাণ না থাকায় তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আর অপরাধ করে বারবার পার পাওয়ায় আরও বেপরোয়া হয়ে উঠেন তারা। এ ছাড়া দেশের বাইরে থেকে কলকাঠি নাড়া সন্ত্রাসীদের বিষয়ে কোনো পদক্ষেপও নিতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। অপরাধ বিশেষজ্ঞ ও গোয়েন্দা সূত্র বলছে, দীর্ঘদিন ঝিমিয়ে পড়া আন্ডারওয়ার্ল্ড ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর চাঙ্গা হয়। ওই সময় দেশের বিভিন্ন কারাগারে থাকা সরকারের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা খুব সহজে জামিন পেয়ে যায়। জামিনে বের হয়েই তারা পুরনো স্টাইলে জীবনযাপন শুরু করে। ফের তারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। জেলে থেকেও তারা তাদের অনুসারী সৃষ্টি করে নানা অপকর্ম করছে। বের হওয়ার পর সেটি আরও শক্তিশালী হয়েছে। আগের মতোই তারা তাদের এলাকার দখল ও অবৈধ কার্যক্রম করার জন্য মরিয়া হয়ে উঠছে। একসঙ্গে একাধিক শীর্ষ সন্ত্রাসী জামিন পাওয়াতে এলাকার নিয়ন্ত্রণ নিয়েও একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে।পার্কে বসে মাদকের হাট, মাঠে সারি দোকানপাট - দৈনিক কালের কণ্ঠের প্রথম পাতার খবর এটি। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর পার্ক ও খেলার মাঠগুলো একসময় ছিল শিশু-কিশোরের দৌড়ঝাঁপ, খেলাধুলা আর বয়স্কদের বিকেলে অবসরের জায়গা। এখন সেখানে মাদকের কারবার, হকারের উৎপাত আর বখাটের আড্ডা। কোথাও দখল, আবার কোথাও শিশু পার্কের নামে বাণিজ্যিক ব্যবহারে হারিয়েছে সৌন্দর্য। ফলে ইট-পাথরের নগরে মোবাইলের পর্দায় আশ্রয় খুঁজে নিতে চায় সব শ্রেণির মানুষ। সরেজমিনে গেলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা বলে, পার্ক ও খেলার মাঠগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য কোনোভাবেই নিরাপদ নয়। এগুলোকে মাদকসেবীদের হাত থেকে মুক্ত করতে সিটি করপোরেশনেরও কোনো পদক্ষেপ নেই।৫০ হাজার কনস্টেবলের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত - দৈনিক আজকের পত্রিকার প্রধান খবর এটি।প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে নিয়োগ পাওয়া অন্তত ৫০ হাজার জনের বিষয়ে তদন্ত চলছে। পুলিশের গোয়েন্দারা তাঁদের বাড়িতে বাড়িতে গিয়ে তদন্ত করছেন। এসব নিয়োগ নিয়ে অভিযোগ ও প্রশ্ন ওঠায় বাহিনীতে অভ্যন্তরীণ এই তদন্ত চলছে। সংশ্লিষ্ট সূত্র বলছে , তদন্তে পুলিশের এই অর্ধলাখ সদস্যের নিয়োগপ্রক্রিয়া, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা, এমনকি স্থায়ী ঠিকানার সত্যতাও যাচাই করা হচ্ছে। তদন্তে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম, ভুয়া ঠিকানা ব্যবহার ও দুর্নীতির সংশ্লিষ্টতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবে সরকার।আস্থা পুনরুদ্ধারের পরীক্ষায় পিএসসি - দৈনিক প্রথম আলোতে প্রকাশিত খবর এটি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, মাত্র ৯ দিনে ৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সর্বশেষ ২০২৬ সালে অনুষ্ঠিত ৫০তম বিসিএস প্রিলিমিনারির ফলও প্রকাশিত হয়েছে ১১ দিনের মাথায়। বিসিএসের ইতিহাসে আগে কখনো এত দ্রুত ফল প্রকাশ হয়নি। এর পাশাপাশি বিসিএসের আবেদন ফি কমে হয়েছে ২০০ টাকা। মৌখিক পরীক্ষার নম্বরও কমে হয়েছে ১০০। পিএসপির এই সিদ্ধান্তগুলো প্রশংসিত হচ্ছে সব মহলেই। তবে প্রশাসনিক গতিশীলতার মধ্যেও রয়ে গেছে স্থায়ী সংস্কার ও নন-ক্যাডার নিয়োগের মতো কিছু অমীমাংসিত জটিলতা। সম্প্রতি রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গত ১৮ মাসের সংস্কারের চিত্র তুলে ধরে পিএসসি। জন-আস্থা ফেরাতে কমিশনের বর্তমান উদ্যোগ ও আগামীর পরিকল্পনা নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়।ফসলডুবির পর ঋণের চক্রে হাওরের কৃষক - দৈনিক সমকালের প্রথম পাতার খবর এটি।প্রতিবেদনে বলা হয়েছে, কিশোরগঞ্জ সদর থেকে নিকলী হাওরের দূরত্ব ২৫ কিলোমিটার। সদর থেকে এক-দেড় ঘণ্টায় নিকলী বেড়িবাঁধে পৌঁছে গেলাম। বেড়িবাঁধ পেরিয়ে নৌকায় উঠতেই চারপাশে দিগন্তজোড়া জলরাশি। মাঝেমধ্যে মাথা তুলে থাকা গাছ, আর কোথাও কোথাও ডুবে থাকা ফসলের ক্ষতচিহ্ন। এই জলরাশির নিচেই চাপা পড়ে আছে হাজারো কৃষকের এক মৌসুমের ঘামে অর্জিত সম্পদ। হাওরপাড়ে দেখা হয় হাজেরা খাতুনের সঙ্গে। চুপচাপ বসে ছিলেন তাঁর ডুবে যাওয়া জমির পাশে। কথা বলতে বলতে চোখ ভিজে ওঠে। প্রায় ১০ বিঘা জমিতে পাকা ধান ছিল তাঁর। ঋণ নিয়ে চাষ করেছিলেন। ইচ্ছে ছিল, ধান ঘরে তুলে ঋণ শোধ করবেন। সন্তানদের নিয়ে কোরবানির ঈদ ভালোভাবে উদযাপন করবেন। কিন্তু সব স্বপ্ন ভেসে গেছে পানিতে।
Go to News Site