Somoy TV
ব্রাহ্মণবাড়িয়ায় থানা হাজতে ছিনতাই মামলার রিমান্ডে থাকা আসামি আনোয়ার হোসেন ওরফে আনার (২২) নিজের শরীর কেটে রক্তাক্ত করেছেন। এ ঘটনায় থানা হাজতে চাঞ্চল্যের সৃষ্টি হয়।শনিবার (৯ মে) বিকেলে সদর মডেল থানার হাজতে এ ঘটনা ঘটে। আনোয়ার জেলার নাসিরনগর উপজেলার সোনাতলা এলাকার আবুল হোসেনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, দুপুরে একটি ছিনতাই মামলার রিমান্ডভুক্ত আসামিকে জেলখানা থেকে থানায় আনা হয়। পরে তাকে হাজতে রাখা হয়। একপর্যায়ে হাজতের ভেতরের টয়লেটে যায় ওই আসামি। কিছুক্ষণ পর অন্য আসামিরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশকে জানায়। আরও পড়ুন: প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, থানায় অভিযোগ দিতে গিয়ে আটক স্বামী! পরে পুলিশ আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে তার হাত ও গলায় একাধিক সেলাই দেয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ওই আসামি মাদকাসক্ত। তার শরীরের বিভিন্ন স্থানে আগের কাটাছেঁড়ার দাগ রয়েছে। মাদক সেবনের সময় তার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। ধারণা করা হচ্ছে, হাজতে থাকায় চাহিদামতো নেশা করতে না পেরে সে নিজের শরীরেই আঘাত করেছে। তবে কী দিয়ে সে নিজের শরীরে আঘাত করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসা শেষে আদালতের মাধ্যমে তাকে আবারও জেলখানায় পাঠানো হয়েছে।
Go to News Site