Jagonews24
দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের একযুগ পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক সংকট ও প্রায় ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনব্যবস্থার মধ্যেও প্রতিষ্ঠানটি সাংবাদিকতা অব্যাহত রেখে একযুগ পার করেছে—এটি জেনে তিনি আনন্দিত। শুভেচ্ছা বার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে অনলাইন সংবাদমাধ্যমের ক্ষেত্রে জাগো নিউজ আলাদা অবস্থান তৈরি করেছে। জাগো নিউজের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ তিনি মনোযোগ দিয়ে পড়ে থাকেন বলেও উল্লেখ করেন। তিনি আরও বলেন, সংবাদগুলোতে তথ্যসমৃদ্ধ উপস্থাপনার পাশাপাশি বিষয়বস্তুর গভীরতা ফুটে ওঠে। জাগো নিউজের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সাফল্য কামনা করেন বিএনপি মহাসচিব। ‘বস্তুনিষ্ঠ সংবাদের অনলাইন ঠিকানা’ স্লোগান নিয়ে ২০১৪ সালের ১০ মে যাত্রা শুরু করে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ। শুরু থেকেই জাগো নিউজ নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে কাজ করছে। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশ-বিদেশের সর্বশেষ ও ব্রেকিং নিউজ তাৎক্ষণিকভাবে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে জাগো নিউজ। রাজনীতি, অর্থনীতি, বিনোদন, লাইফস্টাইল, বিশেষ প্রতিবেদন, শিক্ষা, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, খেলাধুলা, কলাম ও ফিচারসহ নানা বিষয়ের সংবাদ ও বিশ্লেষণ প্রকাশিত হয় এই পোর্টালে। দেশের উদ্যমী তরুণ সাংবাদিকদের সমন্বয়ে গড়ে উঠেছে জাগো নিউজের মেধাবী সংবাদকর্মী দল। বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী মানুষের সঙ্গে সেতুবন্ধন তৈরি এবং অনলাইন সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে কাজ করছে জাগো নিউজ। কেএইচ/এমএমএআর/এমএফএ
Go to News Site