Somoy TV
স্কটল্যান্ডের গ্লাসগো শহরে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। টানেলের প্রবেশপথের মতো আঁকা একটি দেয়ালচিত্র দেখে বিভ্রান্ত হয়ে এক চালক তার গাড়ি সরাসরি দেয়ালে গিয়ে ধাক্কা দেন। এ ঘটনাটি অনেকের কাছে জনপ্রিয় কার্টুন লুনি টিউনস–এর মজার দৃশ্যের কথা মনে করিয়ে দিয়েছে।গত রোববার (৩ মে) গ্লাসগোর ক্লাইড টানেল সাউদার্ন অ্যাপ্রোচ স্লিপের দিকে যাওয়া একটি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ ও জরুরি সেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ.কম.এইউ-এর প্রতিবেদনে বলা হয়, স্লিপ রোডের দেয়ালে স্প্রে পেইন্ট দিয়ে এমনভাবে আঁকা হয়েছিল, যা দূর থেকে দেখতে অনেকটা টানেলের প্রবেশপথের মতো লাগছিল। দেয়ালে দুটি বড় চোখের মতো নকশা ছিল। ধারণা করা হচ্ছে, চালক হয়তো ভুল করে সেটিকেই আসল প্রবেশপথ ভেবেছিল। স্কটিয়া ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সংস্থাটির এক মুখপাত্র বলেন, রোববার দুপুর ২টা ৩৭ মিনিটে আমরা একটি গাড়ি দেয়ালে ধাক্কা দেয়ার খবর পাই। আরও পড়ুন: প্রকাশ্য দিবালোকে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণপিটুনির শিকার স্বামী! ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই হাস্যরসাত্মক মন্তব্য করেন। একজন লেখেন,‘আশা করি তিনি ভালো আছেন… কিন্তু ঘটনাটি এতটাই মজার যে হাসি থামানো কঠিন।’ আরেকজন মন্তব্য করেন, “এটা যেন একেবারে কার্টুনের দৃশ্য!” আবার কেউ কেউ মনে করছেন, এটি মূলত চালকের অসাবধানতার কারণেই ঘটেছে। একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী বলেন, “দেয়ালের সামনে উঁচু কার্ব আর ট্রাফিক সিগন্যাল ছিল। তাই সম্ভবত এটি সাধারণ সড়ক দুর্ঘটনাই।”
Go to News Site