Jagonews24
পাউরুটি আমাদের দৈনন্দিন সকালের নাস্তার একটি খুব জনপ্রিয় খাবার। অনেকে দ্রুত নাশতার জন্য বা ব্যস্ত সময়ে এটি খেতে পছন্দ করেন। কিন্তু একটি সাধারণ সমস্যা প্রায় সবারই হয়,ফ্রিজে রাখার পর পাউরুটি শক্ত ও শুষ্ক হয়ে যায়। তখন সেটি খেতে আর আগের মতো নরম ও মজাদার লাগে না। কিন্তু কেন এমন হয়, আর কীভাবে পাউরুটি তুলতুলে নরম রাখা যায়। আসুন সহজভাবে জেনে নেওয়া যাক। ফ্রিজে রাখলে পাউরুটি শক্ত হয়ে যায় কেন? পাউরুটি মূলত ময়দা, পানি, ইস্ট ও কিছু উপাদান দিয়ে তৈরি হয়। এতে থাকা স্টার্চ বা শর্করা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় নরম ও আর্দ্র অবস্থায় থাকে। কিন্তু ফ্রিজে ঠান্ডা পরিবেশে রাখলে এই স্টার্চ ধীরে ধীরে তার আর্দ্রতা হারায় এবং শক্ত হয়ে যায়। সাধারণ ফ্রিজের ঠান্ডা বাতাস পাউরুটির ভেতরের পানি শুকিয়ে ফেলে। ফলে এটি রাবারের মতো শক্ত বা শুকনো হয়ে যায়। এই প্রক্রিয়াকে খাদ্য বিজ্ঞানে বলা হয় স্টার্চ রেট্রোগ্রেডেশন, অর্থাৎ খাবারের গঠন ধীরে ধীরে শক্ত হয়ে যাওয়া। ভুলভাবে সংরক্ষণই মূল সমস্যা অনেকেই খোলা অবস্থায় বা সঠিকভাবে মোড়ানো ছাড়াই পাউরুটি ফ্রিজে রেখে দেন। এতে বাতাস সহজেই ঢুকে যায় এবং পাউরুটি দ্রুত শুকিয়ে যায়। আবার কেউ কেউ ফ্রিজে না রেখে সাধারণ ঘরের তাপমাত্রায় রেখে দেন, যেখানে গরম ও আর্দ্রতার কারণে পাউরুটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই সঠিকভাবে সংরক্ষণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নরম রাখার সহজ উপায় পাউরুটি সংরক্ষণের জন্য সবসময় এয়ারটাইট ব্যাগ বা কনটেইনার ব্যবহার করা উচিত। এতে ভেতরে বাতাস ঢুকতে পারে না এবং আর্দ্রতা বজায় থাকে। যদি ফ্রিজে রাখতেই হয়, তাহলে পাউরুটিকে ভালোভাবে প্লাস্টিক বা ফয়েলে মোড়ানো উচিত। এতে ঠান্ডা বাতাস সরাসরি পাউরুটির সংস্পর্শে আসতে পারে না। যতটা সম্ভব পাউরুটি ছোট ছোট অংশে ভাগ করে সংরক্ষণ করা ভালো। এতে বারবার পুরো প্যাকেট খুলতে হয় না, ফলে পাউরুটি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা কমে। খাওয়ার আগে নরম করার টিপস যদি পাউরুটি একটু শক্ত হয়ে যায়, তাহলে সেটিকে নরম করার কিছু সহজ উপায় আছে। হালকা গরম করে খেলে এটি আবার নরম হয়ে যায়। টোস্টার বা হালকা ভাপ ব্যবহার করলে পাউরুটি আবার আগের মতো তুলতুলে হয়ে ওঠে।অল্প পানি ছিটিয়ে মাইক্রোওয়েভে কয়েক সেকেন্ড গরম করলেও পাউরুটি নরম হয়ে যায়। তবে বেশি সময় গরম করলে আবার শক্ত হয়ে যেতে পারে, তাই সাবধানে করতে হবে। ফ্রিজে পাউরুটি রাখলে এটি শক্ত হয়ে যাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে সঠিকভাবে সংরক্ষণ করলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব। সূত্র:দ্য চিকেন, ইন্ডিয়া টুডে আরও পড়ুন: রান্নাঘরে খালি প্লাস্টিকের বোতল ব্যবহারের উপায় ভুলেও ফেলে দেবেন না এই পানি এসএকেওয়াই
Go to News Site