Collector
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২১ জুন | Collector
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২১ জুন
Jagonews24

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২১ জুন

রাজধানীর বনানী থানায় অস্ত্র আইনে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আদালত পরবর্তী তারিখ হিসেবে আগামী ২১ জুন নির্ধারণ করেছেন। রোববার (১০ মে) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মঈন উদ্দিন চৌধুরীর আদালতে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। আদালত সূত্রে জানা গেছে, এদিন আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। তারা দাবি করেন, জুলাই আন্দোলনের সময় আসামির বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় তার একটি অস্ত্র খুঁজে পাওয়া যায়নি বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। তবে ওই জিডির কপি এখনো তারা পাননি। এই যুক্তিতে শুনানি পেছানোর আবেদন জানান তারা। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম কাইয়ুম এ আবেদনটির বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মামলার পরবর্তী অভিযোগ গঠন শুনানির জন্য ২১ জুন দিন ধার্য করেন। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২৫ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। একইসঙ্গে স্থগিত লাইসেন্সের অস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে তা অবৈধ হিসেবে গণ্য হবে এবং অস্ত্র আইনে ব্যবস্থা নেওয়া হবে। তবে আনিসুল হক নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা দিয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। এ ঘটনায় গত ২৪ মে বনানী থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. জানে আলম দুলাল অস্ত্র আইনের ১৯ (১) ধারায় আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেন। উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। এমডিএএ/এমএমকে

Go to News Site