Collector
ঝিনাইদহ শহরের মার্কেটগুলোতে নেই টয়লেট, প্রয়োজনে যেতে হয় বাসায় | Collector
ঝিনাইদহ শহরের মার্কেটগুলোতে নেই টয়লেট, প্রয়োজনে যেতে হয় বাসায়
Somoy TV

ঝিনাইদহ শহরের মার্কেটগুলোতে নেই টয়লেট, প্রয়োজনে যেতে হয় বাসায়

ঝিনাইদহ শহরের বিভিন্ন বিপণিবিতান ও শপিং মার্কেটগুলোতে পর্যাপ্ত শৌচাগার বা ওয়াশরুম না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। ঘণ্টার পর ঘণ্টা কেনাকাটা করলেও ব্যবহারযোগ্য কোনো পাবলিক ওয়াশরুম না থাকায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই সমস্যায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নারী, শিশু ও বয়স্করা।শহরের পায়রা চত্বরের ১০ তলা ভবন, বঙ্গবাজার, পিপীলিকা মার্কেট, মুন্সী মার্কেট ও কেসি বসু সড়কসহ বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা গেছে, অধিকাংশ জায়গাতেই ক্রেতাদের জন্য নির্দিষ্ট কোনো শৌচাগার ব্যবস্থা নেই। কোথাও কোথাও দোকান মালিকদের ব্যক্তিগত টয়লেট থাকলেও তা সাধারণ ক্রেতাদের ব্যবহারের জন্য উন্মুক্ত নয়। শৈলকুপা থেকে কেনাকাটা করতে আসা গৃহিণী রোজিনা খাতুন বলেন, ‘মার্কেটে এসে অনেক সময় দুই-তিন ঘণ্টা থাকতে হয়। কিন্তু জরুরি প্রয়োজনে ব্যবহার করার মতো কোনো ওয়াশরুম পাওয়া যায় না। নারীদের জন্য এটা খুবই কষ্টকর ও বিব্রতকর।’ কলেজছাত্রী তানজিলা ইসলাম বলেন, ‘বন্ধুদের সঙ্গে শপিং করতে এসে সবচেয়ে বড় সমস্যায় পড়তে হয় ওয়াশরুম নিয়ে। অনেক সময় বাধ্য হয়ে বাসায় ফিরে যেতে হয়।’ আরও পড়ুন: নানা সংকটে ধুঁকছে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাহত স্বাস্থ্যসেবা শহরের ব্যবসায়ী আব্দুল কাদের জানান, বর্তমানে মার্কেটগুলো আধুনিক হলেও মৌলিক নাগরিক সুবিধার বিষয়টি তেমন গুরুত্ব পাচ্ছে না। একটি বড় মার্কেটে অন্তত নারী ও পুরুষদের জন্য আলাদা শৌচাগার থাকা উচিত বলে মনে করেন তিনি। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন বলেন, ‘শহরের বেশিরভাগ মার্কেট অনেক আগে নির্মাণ করা। সেসময় কোনো মালিক এই বিষয়টি নিয়ে ভাবেননি। নতুন করে যেসব মার্কেট তৈরি করা হচ্ছে, সেগুলোতে টয়লেট থাকা জরুরি। তাছাড়া পৌরসভার পক্ষ থেকে পাবলিক টয়লেট নির্মাণ করলে সমস্যার কিছুটা সমাধান হবে বলে আমি মনে করি।’ এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্রনাথ রায় বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। শহরের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে জনসাধারণের জন্য পর্যাপ্ত টয়লেট সুবিধা নিশ্চিত করতে আমরা ব্যবসায়ী সমিতি ও মার্কেট মালিকদের সঙ্গে আলোচনা করব। নতুন মার্কেট নির্মাণের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত ওয়াশরুম বাধ্যতামূলক করার বিষয়েও উদ্যোগ নেয়া হবে।’

Go to News Site