Collector
লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে শিশুর মৃত্যু | Collector
লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে শিশুর মৃত্যু
Jagonews24

লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইলে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে ঋত্বিক সাহা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) সকালে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল সাহাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঋত্বিক সাহা ওই গ্রামের তপন সাহার ছেলে। সে স্থানীয় পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে লিচু খাচ্ছিল ঋত্বিক। এ সময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি তার শ্বাসনালিতে আটকে যায়। এতে সে হঠাৎ শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে বিচি বের বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটিকে জরুরি বিভাগে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। শ্বাসনালিতে কোনো কিছু আটকে গেলে দ্রুত অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। একটি ফুটফুটে শিশুর এভাবে অকাল মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না। সামান্য অসাবধানতায় একটি তাজা প্রাণ ঝরে গেল, যা পুরো ইউনিয়নবাসীর জন্য গভীর শোকের। এসকে রাসেল/কেএইচকে/এমএস

Go to News Site