Jagonews24
বাংলাদেশ পুলিশের ঝুঁকিভাতা, ওভারটাইম ডিউটির বিল, স্বতন্ত্র পে-স্কেল, সুদমুক্ত মোটরসাইকেল ঋণ এবং ধাপে ধাপে অনারারি পদোন্নতির দাবিকে ঘিরে এবার আলোচনায় এসেছে পুলিশ সপ্তাহের ‘বিশেষ কল্যাণ প্যারেড’। এসব দাবি ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিয়েছে সরকার। পুলিশ সপ্তাহ উপলক্ষে রোববার (১০ মে) রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ প্যারেডে’ এ দাবি উত্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত একাধিক কর্মকর্তা জাগো নিউজকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সদস্যদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওভারটাইম ও ঝুঁকিভাতা বিশেষ কল্যাণ প্যারেডে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, নির্ধারিত কর্মঘণ্টার বাইরে প্রায় প্রতিদিনই অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয় সদস্যদের। এ কারণে ঝুঁকিভাতাসহ ওভারটাইম ডিউটির জন্য ৫০ শতাংশ অতিরিক্ত বিল দেওয়ার দাবি জানানো হয়েছে। রাজারবাগ পুলিশ মিলনায়তনে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ প্যারেডে’ উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার জাগো নিউজকে বলেন, পুলিশের কর্মঘণ্টার নির্দিষ্ট কোনো সীমা নেই। ডিউটি রোস্টারের বাইরেও আমাদের নিয়মিত দায়িত্ব পালন করতে হয়। তাই ওভারটাইম ভাতা ও ঝুঁকিভাতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। এসআইদের জন্য সুদমুক্ত মোটরসাইকেল ঋণ মামলা তদন্তের কাজে নিয়োজিত থানার উপ-পরিদর্শকদের (এসআই) যাতায়াত সমস্যা সমাধানে সুদমুক্ত ঋণের দাবিও ওঠে কল্যাণ প্যারেডে। কামরুল হাসান তালুকদার বলেন, তদন্ত ব্যয় আগের তুলনায় বেড়েছে। অথচ অধিকাংশ থানায় তদন্ত কর্মকর্তাদের জন্য আলাদা যানবাহন নেই। এসআইদের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত অগ্রিম ঋণ ও জ্বালানি খরচ দিলে তদন্ত কার্যক্রমে আরও গতিশীল হবে। ঢাকা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেডে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বতন্ত্র পে-স্কেল ও অনারারি পদোন্নতি পুলিশ সদরদপ্তরের এক কর্মকর্তা বলেন, পুলিশের জন্য স্বতন্ত্র পে-স্কেল দীর্ঘদিনের দাবি। বর্তমানে বিচার বিভাগ ও সেনাবাহিনীতে আলাদা পে-স্কেল সুবিধা থাকলেও পুলিশে নেই। তিনি বলেন, দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেন। তাই তাদের জন্যও স্বতন্ত্র পে-স্কেল চালুর বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। আরও পড়ুন আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়: প্রধানমন্ত্রীআইজিপি থেকে কনস্টেবল সবাইকে ওভারটাইম ভাতা দেওয়ার কথা ভাবছে সরকারকনস্টেবল থেকে এসআইয়ে পদোন্নতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কল্যাণ প্যারেডে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক নারী কনস্টেবল চাকরিজীবনের শেষ দিকে অনারারি পদোন্নতির দাবি জানান। তিনি বলেন, অনেক পুলিশ সদস্য কনস্টেবল বা একই পদে দীর্ঘদিন চাকরি করে অবসরে যান। সেনাবাহিনীর মতো অবসরের আগে অন্তত একটি সম্মানসূচক পদোন্নতি দিলে সদস্যদের মধ্যে প্রেরণা বাড়বে। এতে সরকারের অতিরিক্ত আর্থিক চাপও পড়বে না। পুলিশ সদস্যদের দাবি অনুযায়ী, কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদ পর্যন্ত ধাপে ধাপে অনারারি পদোন্নতির ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। অবকাঠামো ও স্বতন্ত্র সাইবার ইউনিটের দাবি কল্যাণ প্যারেডে অংশ নেওয়া একজন ডিআইজি বলেন, পুলিশ মেস, রান্নাঘর, থানার ভবন, ব্যারাক, ফাঁড়ি ও অন্যান্য অপারেশনাল ইউনিটের নতুন অবকাঠামো নির্মাণে উন্নয়ন প্রকল্পের অর্থ বরাদ্দ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এ বরাদ্দ পুনরায় চালুর দাবিও জানানো হয়েছে। আরও পড়ুন আর যেন ফ্যাসিবাদ-স্বৈরাচারের হাতিয়ার না হয় পুলিশ: প্রধানমন্ত্রীপুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তা বলেন, সাইবার অপরাধ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে স্বতন্ত্র এবং বিভাগীয় শহরগুলোতে স্বয়ংসম্পূর্ণ সাইবার ইউনিট প্রয়োজন। বর্তমানে অধিকাংশ সাইবার কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পরিচালিত হওয়ায় বাইরে কার্যকর সক্ষমতা তৈরি হয়নি। স্বাস্থ্যসেবা ও মানসিক সহায়তা এছাড়া পুলিশের দীর্ঘদিনের দাবি ছিল মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। কিন্তু দীর্ঘদিনের দাবি এখনো পূরণ করেনি কোনো সরকারই। নতুন সরকারের কাছে সাইকিয়াট্রিক সেবার প্রস্তাবসহ বিভাগীয় ও জেলা পর্যায়ে পুলিশ হাসপাতালের ব্যবস্থার অনুরোধ জানানো হয় কল্যাণ সভায়। পুলিশ সদরদপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের উত্থাপিত দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং সেগুলো ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। সরকারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ বাহিনীকে আধুনিক ও জনকল্যাণমুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা অনুযায়ী যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে। অতিরিক্ত দায়িত্ব পালনকারী সদস্যদের জন্য বিশেষ নীতিমালার আওতায় ওভারটাইম ভাতা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। ‘দীর্ঘ কর্মঘণ্টা ও অধিক কর্ম চাপ বিবেচনায় পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালের সুযোগ-সুবিধা আরও বাড়ানো হবে এবং প্রয়োজনীয় আরও উন্নত হাসপাতাল নির্মাণ করা হবে।’— স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ কর্মঘণ্টা ও অধিক কর্ম চাপ বিবেচনায় পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালকে সুযোগ-সুবিধা বৃদ্ধিপূর্বক আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে এবং প্রয়োজনীয় পরীক্ষান্তে আরও উন্নত হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি বলেন, পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন/কার্যালয় নির্মাণ ও আবাসন সমস্যা দূরীকরণে বর্তমান সরকার আন্তরিক। এক্ষেত্রে ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষতাসম্পন্ন একটি সুদক্ষ আধুনিক মানবিক পুলিশ বাহিনী ছাড়া জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত কঠিন। এই কঠিন কাজটিই বর্তমান গণতান্ত্রিক সরকার শুরু করেছে। সুতরাং, সামর্থ্যের সবটুকু দিয়েই আপনাদের (পুলিশের) চাওয়া-পাওয়াগুলো বিবেচনা করবে সরকার। ‘বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষতাসম্পন্ন সুদক্ষ আধুনিক মানবিক পুলিশ বাহিনী ছাড়া জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত কঠিন। এই কঠিন কাজটিই বর্তমান গণতান্ত্রিক সরকার শুরু করেছে। সামর্থ্যের সবটুকু দিয়েই আপনাদের (পুলিশের) চাওয়া-পাওয়াগুলো বিবেচনা করবে সরকার।’— প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজারবাগে আয়োজিত প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ প্যারেডে স্মারক উপহার গ্রহণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে উদ্ভূত বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সাইবার পুলিশ প্রতিষ্ঠা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডাটা বিশ্লেষণসহ বিকাশমান প্রযুক্তির সমন্বিত ও কার্যকর ব্যবহার আরও সম্প্রসারণ করা জরুরি হয়ে পড়েছে। এ লক্ষ্যেই সরকার একটি আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। টিটি/এমএএইচ/
Go to News Site