Collector
যত্রতত্র ময়লা ফেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: মেয়র শাহাদাত | Collector
যত্রতত্র ময়লা ফেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: মেয়র শাহাদাত
Jagonews24

যত্রতত্র ময়লা ফেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: মেয়র শাহাদাত

নগরীতে জলাবদ্ধতা নিরসনে চলমান মাসব্যাপী নালা-নর্দমা পরিষ্কার কার্যক্রমে গতি আনতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় নগরীর নালা-নর্দমায় ময়লা না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, যত্রতত্র ময়লা ফেলা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রোববার (১০ মে) তিনি নগরের দেওয়ান বাজার ও জামাল খান ওয়ার্ডে চলমান ‘ক্র্যাশ প্রোগ্রাম’ পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে মেয়র সাব এরিয়া, রহমতগঞ্জ ও মিডটাউন এলাকায় চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। মেয়র বলেন, পাইপের মাধ্যমে পানি নিষ্কাশন হলেও তা এখনো পর্যাপ্ত নয়। ভারী বৃষ্টিতে এসব এলাকায় জলাবদ্ধতার ঝুঁকি থেকে যাচ্ছে। তাই দ্রুত মাটি অপসারণসহ চলমান কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। তিনি আরও জানান, নগরের জলাবদ্ধতার অন্যতম কারণ যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং নালায় বর্জ্য ফেলা। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে সামান্য বৃষ্টিতেই জলজট সৃষ্টি হয়। মেয়র বলেন, শুধু সিটি করপোরেশন একা এ সমস্যার সমাধান করতে পারবে না। নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে। সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নালা-খালে ময়লা ফেলা, অবৈধ দখল বা পরিচ্ছন্নতা কাজে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান চালিয়ে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেয়র আরও বলেন, গত বছর সমন্বিত উদ্যোগের মাধ্যমে জলাবদ্ধতা কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। এবারও সব সংস্থা ও নগরবাসীর সহযোগিতায় একটি জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তুলতে কাজ চলছে। তিনি নগরবাসীর প্রতি নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এমআরএএইচ/এমএমকে

Go to News Site