Somoy TV
ঢাকায় ইরাক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. উইসাম হুসেইন আলি আল ইথাভি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন জানানোর জন্য ইরাকের নেতৃত্ব ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ হিসেবে ইরাকের ঐতিহাসিক ভূমিকার কথাও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা, জনশক্তি, বাণিজ্য এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা ব্যক্ত করেন। তিনি ইরাকে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের আশ্রয়, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করায় ইরাক সরকারের প্রশংসা করেন। আরও পড়ুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনারের সাক্ষাৎ উভয় পক্ষ ওষুধশিল্প, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, সিরামিক এবং কৃষিপণ্যের মতো খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের উপায় নিয়েও আলোচনা করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন জানানোর জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইরাককে ধন্যবাদ জানান। উভয় পক্ষ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশ-ইরাক সম্পর্ক এবং সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
Go to News Site