Somoy TV
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগ ইস্যুতে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার (১০ মে) অনুষ্ঠিত ন্যাশনাল টিমস কমিটির বৈঠকেও কোচ নিয়োগের বিষয়ে নিষ্পত্তি হয়নি। বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, আগামী ১৫ মে ঘোষণা করা হবে নতুন কোচের নাম।কে হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ, তা নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের কোনো কমতি নেই। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের বিভিন্ন মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই কোচ নিয়োগ প্রসঙ্গ। এর আগে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ইঙ্গিত দিয়েছিলেন, রোববারের মধ্যেই নতুন হেড কোচের বিষয়টি চূড়ান্ত করা হতে পারে এবং ১৫ মে সম্পন্ন হবে আনুষ্ঠানিক চুক্তি। তবে সর্বশেষ পরিস্থিতিতে জানা গেছে, কোচ নিয়োগ প্রক্রিয়ায় আরও কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকায় আজ কোনো সিদ্ধান্ত আসছে না। সবকিছু ঠিক থাকলে ১৫ মে নতুন কোচের নাম ঘোষণা ও চুক্তি সম্পন্ন করবে বাফুফে। এর আগে ধারণা করা হয়েছিল, আজই নতুন কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কোচ নিয়োগের বিষয়টি এখনও আলোচনা ও পর্যালোচনার মধ্যেই রয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, আপাতত নতুন কোচের নাম ঘোষণা করা হচ্ছে না। বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং আগামী ১৫ মে পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। এরপরই কোচ নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে। বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে এবারই প্রথম একাধিক হাইপ্রোফাইল কোচ আগ্রহ দেখিয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। আরও পড়ুন: এল ক্লাসিকোর আগে বাবা হারালেন বার্সেলোনার কোচ ফ্লিক ওয়েলসের তারকা ফুটবলার গ্যারেথ বেলদের সামলানোর অভিজ্ঞতা থাকা ৫৫ বছর বয়সি ক্রিস কোলম্যান বর্তমানে সবচেয়ে আলোচিত নাম। খেলোয়াড়ি জীবনে তিনি ম্যানচেস্টার সিটির জার্সিতে মাঠ মাতিয়েছেন। কোচিং ক্যারিয়ারে দায়িত্ব পালন করেছেন রিয়াল সোসিয়েদাদ, সান্ডারল্যান্ড ও ফুলহ্যামের মতো ক্লাবে। তবে তার সবচেয়ে বড় সাফল্য আসে ওয়েলস জাতীয় দলের দায়িত্বে। ২০১৬ ইউরোতে দলটিকে ৫৮ বছর পর বড় কোনো আন্তর্জাতিক আসরে নিয়ে যাওয়ার পাশাপাশি সেমিফাইনালেও তুলেছিলেন তিনি। তার অধীনেই ওয়েলস ফিফা র্যাঙ্কিংয়ের ১১৭তম স্থান থেকে উঠে আসে শীর্ষ ১০–এর কাছাকাছি, অষ্টম স্থানে। কোচের দৌড়ে আরও রয়েছেন জার্মান কোচ বার্নড স্টর্ক। ৬৩ বছর বয়সি এই কোচ খেলোয়াড় হিসেবে বরুশিয়া ডর্টমুন্টের হয়ে খেলেছেন এবং পরবর্তীতে ক্লাবটির কোচিং স্টাফেও কাজ করেছেন। জাতীয় দল পর্যায়ে তিনি হাঙ্গেরি ও কাজাখস্তানের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা অর্জন করেছেন। এদিকে আলোচনায় ছিল ব্রাজিলিয়ান কোচ রোজারিও মিকেলের নামও। ২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিলকে ফুটবলে স্বর্ণপদক জেতানো এই কোচ আগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানা গেছে। যদিও শেষ পর্যন্ত তিনি নিজেই সরে দাঁড়ান। বর্তমানে তিনি ব্রাজিলের দ্বিতীয় বিভাগের ক্লাব লন্ড্রিনা এসপোর্ত ক্লাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া একজন পর্তুগিজ কোচের নামও আলোচনায় রয়েছে। সব দিক বিবেচনায় আপাতত ক্রিস কোলম্যানকেই সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে। তবে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি বাফুফে। ফেডারেশন সূত্র বলছে, সভাপতি তাবিথ আউয়াল ঘোষণা অনুযায়ী আগামী ১৫ মে’র মধ্যেই কোচ নিয়োগের সব প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। আরও পড়ুন: এল ক্লাসিকোয় বাদ পড়লেন এমবাপ্পে, রিয়ালে নতুন বিতর্ক হাইপ্রোফাইল কোচ নিয়োগের ক্ষেত্রে শুধু প্রধান কোচ নয়, তার সঙ্গে থাকা পুরো কোচিং স্টাফ, সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত বিষয়ও গুরুত্ব পাচ্ছে। বেতন, অনুশীলনের পরিবেশ, মাঠ ও জাতীয় দলের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়েও চলছে বিস্তারিত আলোচনা। বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন জানিয়েছেন, কোচ নির্বাচনের ক্ষেত্রে শুধু নাম নয়, তার চাহিদা ও ফেডারেশনের সামর্থ্যের মধ্যকার সমন্বয়ও গুরুত্বপূর্ণ। তার মতে, আন্তর্জাতিক মানের কোচদের আনতে হলে প্রয়োজনীয় পেশাদার পরিবেশ নিশ্চিত করতেই হবে। তিনি আরও জানান, প্রধান কোচ ও সহকারী কোচসহ পুরো স্টাফের জন্য মাসিক ব্যয় প্রায় ৫০ থেকে ৬০ হাজার ডলার পর্যন্ত হতে পারে। তবে দেশের ফুটবলের উন্নয়নের স্বার্থে এই ব্যয় বহনে বাফুফে প্রস্তুত রয়েছে। পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতাও প্রত্যাশা করছে ফেডারেশন। বৈঠক শেষে আমিরুল ইসলাম বাবু জানান, জাতীয় দলের কোচ নিয়োগ প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। কয়েকজন বিদেশি কোচের নাম নিয়ে আলোচনা হচ্ছে এবং তাদের মধ্য থেকে শর্টলিস্ট তৈরি করছে বাফুফে। সব দিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ‘আজ ন্যাশনাল টিমস কমিটির বৈঠকেও নিষ্পত্তি হয়নি কোচ ইস্যু। এখনো শর্টলিস্ট করছে বাফুফে। ১৫ তারিখ কোচের নাম ঘোষণা করবে বাফুফে।’
Go to News Site