Somoy TV
কুমিল্লার বুড়িচং উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে শান্ত ইসলাম (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (১০ মে) দুপুর ২টার দিকে কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের ইছাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া পশ্চিমপাড়ার বাসিন্দা মরহুম জায়েদ মিয়ার নাতি শান্ত ইসলাম। রোববার দুপুরে তিনি মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে ইছাপুরা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: কুমিল্লায় দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত স্থানীয় বাসিন্দা জুবায়ের আহমেদ জানান, নিহত শান্তর পৈতৃক বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়। তবে ছোটবেলা থেকেই তিনি বুড়িচংয়ের খাড়াতাইয়ায় নানা বাড়িতে থেকে বড় হয়েছেন। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
Go to News Site