Somoy TV
ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন মা। রোববার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের মকবুল হুজুরের বাড়িতে এ ঘটনা ঘটে। একই ঘটনায় বাবা ও বোনকে আশঙ্কাজনক অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাফি (২১)-কে গ্রেফতার করেছে।পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে মকবুল হুজুরের বাড়ির মোস্তফার ছেলে মাদকাসক্ত হয়ে নানা অঘটন ঘটিয়ে আসছে। রোববার রাত ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে ঘরের মধ্যে তর্কের একপর্যায়ে রাফি তার মা লাকি আক্তার (৪০), বাবা মো. মোস্তফা (৪৫) ও বোন সাহারা আক্তার মিথিলা (১৮)-কে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত করে। আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রতিবেশী আবুল কালাম বলেন, ঠিক কী কারণে এদিন তাদের মধ্যে ঝগড়া হয়েছে তা আমাদের জানা নেই। তবে বেশ কিছুদিন ধরে মোস্তফা মিয়ার ছেলে রাফি পড়াশোনা না করে মাদকাসক্ত হয়ে পড়ে বলে শুনেছি। আরও পড়ুন: ফেনীর সীমান্তবর্তী এলাকায় পড়ে ছিল মরদেহ, জানা যায়নি পরিচয় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, রাফি নামের ওই ছেলে ছুরিকাঘাতে তার মাকে হত্যা এবং বাবা ও বোনকে গুরুতর আহত করেছে। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত রাফিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Go to News Site