Somoy TV
সেবাগ্রহীতা না হয়েও উপজেলা ভূমি অফিসের নির্ধারিত পার্কিংয়ের জায়গা বাদ দিয়ে রাস্তা ও যত্রতত্র মোটরসাইকেল রাখার অপরাধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তিনজনকে জরিমানা করা হয়েছে। রোববার (১০ মে) দুপুরে গোমস্তাপুর উপজেলা ভুমি অফিস চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজন মোটরসাইকেল মালিককে ১৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯০ ধারায় তাদেরক এই জরিমানা করা হয়। ভূমি অফিস চত্বরে মোটরসাইকেল রাখা ওই তিনজন আরোহী ভূমি অফিস সংশ্লিষ্ট কোনো কাজে না এসেও যত্রতত্র মোটরসাইকেল রেখেছিলেন বলে জানায় ভ্রাম্যমাণ আদালত। গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা সময় সংবাদকে বলেন, ভূমি অফিস চত্বরে নির্ধারিত পার্কিংয়ের জায়গা রয়েছে। অথচ তারা ভূমি অফিসের সেবাগ্রহীতা না হয়েও চলাচলের বাধা সৃষ্টি করে এমন জায়গায় মোটরসাইকেল রেখেছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজন মোটরসাইকেল আরোহীকে ১৭০০ টাকা জরিমানা করা হয়েছে। পার্কিয়ের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে আগামীতও এমন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। আরও পড়ুন: সেই ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে বদলি এদিকে, এক এসএসসি পরীক্ষার্থীর অভিভাবক ও রহনপুর তেঁতুলতলা এলাকার বাসিন্দা মতিউর রহমান অভিযোগ করে বলেন, ভূমি অফিসের বিপরীতে আমার ছেলে পরীক্ষা দিচ্ছিলো। তাই ভূমি অফিসে মোটরসাইকেল রেখে এসএসসি পরীক্ষার্থী ছেলেকে আনতে যাই। পরে মোটরসাইকেল রাখার অপরাধে ৫০০ টাকা জরিমান করা হয়েছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও পোস্ট করেন তিনি। এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা আরও বলেন, তিনি (মতিউর রহমান) ভূমি অফিসের সেবাগ্রহীতা ছিলেন না। গুরুত্বপূর্ণ বিষয় তিনিও অন্যদের মতোই পার্কিংয়ের জায়গা রেখে চলাচলের পথে যত্রতত্র মোটরসাইকেল রেখেছিলেন। তাই জরিমানা আদায় করা হয়েছে।
Go to News Site