Somoy TV
ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানে সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে এমন মন্তব্য করেননি।রোববার (১০ মে) মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত জব্দ করার বিষয়ে তিনি বলেন, ‘আমরা কোনো এক সময় সেটি পেয়ে যাব। আমরা যা চাইব তাই। এর ওপর আমাদের নজরদারি রয়েছে।’ ট্রাম্প বলেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও দেশটির পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে। তবে সেটি নিয়ে উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, পুরো বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর নজরদারিতে রয়েছে। ইউরেনিয়ামের কাছে কেউ যাওয়ার চেষ্টা করলে তাকে উড়িয়ে দেয়া হবে বলেও সতর্ক করেন তিনি। আরও পড়ুন: যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাবে ইরানের প্রতিক্রিয়া ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে কিনা, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমি বলেছি তারা পরাজিত হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে তাদের বিরুদ্ধে কাজ শেষ। আমরা আরও দুই সপ্তাহ সেখানে থাকতে পারি এবং প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারি।’ তিনি আরও বলেন, আমাদের কিছু নির্দিষ্ট লক্ষ্য ছিল এবং আমরা সম্ভবত সেগুলোর ৭০ শতাংশ অর্জন করেছি। আমাদের আরও কিছু লক্ষ্য আছে যা আমরা অর্জন করতে পারি। কিন্তু আমরা যদি তা নাও করি, সেটাও হবে কেবল শেষ মুহূর্তের কিছু কাজ। আমরা যদি সেটাও না করি, তারপরও তাদের পুনর্গঠন করতে বহু বছর লেগে যাবে। আরও পড়ুন: যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাবের জবাব দিলো ইরান এদিকে, ইরানের যুদ্ধবিরতির জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট । তেহরানের প্রতিক্রিয়া পাওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইরানকে ঘিরে আবারও কঠোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় রোববার শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয় ইরান। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে এ লিখিত জবাব দেয়া হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আলোচনার প্রথম ধাপে যুদ্ধ পরিস্থিতি ও শত্রুতার অবসানের ওপর গুরুত্বারোপের কথা বলেছে তেহরান।
Go to News Site