Jagonews24
রিয়াল মাদ্রিদকে হারিয়ে ২৯তম লিগ শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। দিনটি আনন্দের ও গৌরবের দুটিই ছিল বার্সা কোচ হান্সি ফ্লিকের জন্য। ম্যাচ শুরুর আগে বাবাকে হারান তিনি। এর ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই বার্সেলোনাকে টানা দ্বিতীয় লা লিগা শিরোপা এনে দিলেন জার্মান এই কোচ। রোববার এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় ফ্লিক বলেন, ‘এই দিন আমি কখনও ভুলব না। শুরুটা কঠিন ছিল, কারণ আমার বাবা মারা গেছেন। কিন্তু আমার দল অসাধারণ। তারা যেন একটি পরিবার।’ ফ্লিকের বাবার প্রতি সম্মান জানাতে ম্যাচে কালো আর্মব্যান্ড পরে খেলেন বার্সেলোনার ফুটবলাররা। কিক-অফের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। সাইডলাইনে দাঁড়িয়ে তখন আবেগাপ্লুত দেখাচ্ছিল ফ্লিককে। তবে মাঠে দল তাকে উপহার দেয় স্মরণীয় এক জয়। প্রথমার্ধে মার্কাস রাশফোর্ড ও ফেররান তোরেসের গোলে ২-০ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। ফ্লিক বলেন, ‘আজ সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। সমর্থকদের জন্য আমি গর্বিত। এই স্টেডিয়ামে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো জিতে লা লিগা জয় অসাধারণ অনুভূতি। এটা সহজ ছিল না। সবাই ভাবছিল আমরা পারব, কিন্তু রিয়ালও দুর্দান্ত দল।’ চলতি মৌসুমে বার্সেলোনার পারফরম্যান্স ছিল দারুণ। হাতে থাকা শেষ তিন ম্যাচ জিততে পারলে দলটি লা লিগা ইতিহাসে তৃতীয় ক্লাব হিসেবে ১০০ পয়েন্ট স্পর্শ করবে। একই সঙ্গে এক মৌসুমে ঘরের মাঠের সব ১৯ ম্যাচ জেতা প্রথম দল হওয়ার সুযোগও রয়েছে কাতালানদের সামনে। আইএন
Go to News Site