Collector
ওমরাহর পর তায়েফে গেলে মক্কায় ফেরার সময় ইহরাম বাঁধতে হবে? | Collector
ওমরাহর পর তায়েফে গেলে মক্কায় ফেরার সময় ইহরাম বাঁধতে হবে?
Jagonews24

ওমরাহর পর তায়েফে গেলে মক্কায় ফেরার সময় ইহরাম বাঁধতে হবে?

প্রশ্ন: আমি এ বছর তামাত্তু হজ পালন করছি। মক্কায় গিয়ে ওমরাহ করে হালাল হয়ে যাবো। পরবর্তীতে হজের জন্য আবার ইহরাম বাঁধবো। প্রশ্ন হলো, ইহরামমুক্ত থাকা অবস্থায় আমি যদি তায়েফে ঘুরতে যাই, তাহলে মক্কায় ফেরার সময় আবার ইহরাম বাঁধতে হবে? উত্তর: তায়েফ মিকাতের বাইরের এলাকা। আর মিকাতের বাইরে যে কোনো জায়গায় গেলে মক্কায় ফেরার সময় হজ বা ওমরাহর ইহরাম বেঁধে আসতে হয়। মক্কা থেকে কেউ মিকাতের বাইরে গিয়ে ফিরলে তার ক্ষেত্রেও একই হুকুম। সুতরাং আপনি যদি তায়েফে যান তাহলে ফেরার সময় হজের ইহরাম বেঁধে ফেলতে পারেন যদি হজের ইহরাম বাঁধার সময় হয়ে গিয়ে থাকে। অথবা ওমরাহর ইহরাম বেঁধে মক্কায় ফিরে ওমরাহ করে আবার হালাল হয়ে যাবেন। হজের সময় হলে হজের ইহরাম বেঁধে হজ করবেন। কেউ যদি মিকাতের বাইরে যাওয়ার পর ইহরাম না বেঁধেই হারাম এলাকায় প্রবেশ করে, তার কর্তব্য হলো পুনরায় কোনো এক মিকাতে গিয়ে ওমরাহ বা হজের (হজের সময় হয়ে গেলে) ইহরাম বেঁধে মক্কায় যাওয়া এবং হজ/ওমরাহ আদায় করা। মিকাত কাকে বলে? হজ ও ওমরাহ পালনকারীদের কাবা শরিফ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ দূরত্বে থেকে ইহরাম বাঁধতে হয় যে স্থানগুলো নবীজির (সা.) হাদিস দ্বারা নির্ধারিত আছে। ওই জায়গাগুলোকেই মিকাত বলা হয়। হারাম এলাকার চর্তুদিকেই ওই দিকের দেশ থেকে আগত হজ ও ওমরাহ পালনকারীদের জন্য মিকাত বা ইহরাম বাঁধার স্থান রয়েছে। মক্কার চতুর্দিকে অবস্থিত ৫ মিকাত  ১. যুল হুলাইফা এই স্থানটি এখন আবইয়ারে আলি নামে পরিচিত। এটি মসজিদে নববি থেকে ১৩ কিলোমিটার এবং মক্কা শহর থেকে ৪২০ কিলোমিটার দূরে অবস্থিত। মদিনাবাসী এবং এ পথ দিয়ে যারা আসে তারা এখান থেকে ইহরাম বাধে। মক্কা শহর থেকে এটাই সবচেয়ে দূরতম মিকাত। ২. আল-জুহফা এ জায়গাটি লোহিত সাগর থেকে ১০ কিলোমিটার ভেতরে রাবেগ শহরের কাছে অবস্থিত। জুহফাতে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাবেগ নামক স্থান থেকে এখন লোকেরা ইহরাম পরে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ এখন এটি একটি বড় শহর। জম্মুম উপত্যকার পথ ধরে মক্কা শহর থেকে এ স্থানটি ১৮৬ কিলোমিটার দূরে অবস্থিত। সিরিয়া, লেবানন, জর্দান, ফিলিস্তিন, মিশর, সুদান, মরক্কো, আফ্রিকার দেশসমূহ, সৌদি আরবের উত্তরাঞ্চলীয় কিছু এলাকা আগত হজ ও ওমরাহ পালনকারীরা এ জায়গা থেকে ইহরাম বাঁধেন। ৩. কারনুল মানাযিল কারনুল মানাযিল এখন সাইলুল কাবির নামে প্রসিদ্ধ। সরকারি-বেসরকারি অফিস আদালতসহ এটি এখন একটা বড় গ্রাম। মক্কা থেকে এর দূরত্ব ৭৮ কিলোমিটার। কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, ওমান, ইরাক, ইরানসহ উপসাগরীয় রাষ্ট্রসমূহ, সৌদি আরবের রিয়াদ, দাম্মাম ও তায়েফ থেকে আগত হজ ও ওমরাহ পালনকারীরা এ জায়গা থেকে ইহরাম বাঁধেন। ৪. ইয়ালামলাম ইয়ালামলাম মক্কা থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। এলাকাটি সা’দিয়া নামেও পরিচিত। ইয়ামেন, বাংলাদেশ, ভারতবর্ষ, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং দক্ষিণ এশিয়াসহ পূর্বাঞ্চলীয়র দেশসমূহ থেকে আগত হজ ও ওমরাহ পালনকারীরা এ জায়গা থেকে ইহরাম বাঁধেন। ৫. যাতুইরক যাতুইরক মক্কা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রয়োজনীয় রাস্তাঘাট না থাকায় এটি এখন আর ব্যবহৃত হচ্ছে না। এটা ছিল ইরাকবাসীর মিকাত। তারা এখন কারনুল মানাযিল তথা সাইলুল কাবিরকে মিকাত হিসেবে ব্যবহার করে থাকেন। ওএফএফ

Go to News Site