Somoy TV
কন্যা শিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার লক্ষে রাষ্ট্রব্যবস্থা প্রতিবন্ধকতা নয় বরং সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন ডাক্তার জুবাইদা রহমান। তিনি বলেন, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ পারিবারিক সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি দরিদ্রতা দূর করবে।সোমবার (১১ মে) পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এই মন্তব্য করেন তিনি।শুরুতেই সমাবেশে আগত বিশেষ অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের নিয়ে পুনাকের বিভিন্ন কার্যক্রমের তথ্যচিত্র উপভোগ করেন ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন জুবাইদা রহমান।জুবাইদা রহমান বলেন, ‘পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমার খুবই ভালো লাগছে। অভিনন্দন জানাই সব সদস্যকে— তাদের নিরলস প্রচেষ্টায় সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখার জন্য।’তিনি বলেন, ‘আপনারা আপনাদের কর্মের মাধ্যমে আগামীর প্রজন্মকে সমাজে অবদান রাখার পথ দেখিয়ে দিতে সহায়তা করছেন। অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত সমাজসেবামূলক আপনাদের পরিকল্পনাগুলো সমন্বিতভাবে একটি সুন্দর সুস্থ মানবিক সমাজ গঠনের ভিত্তি। আমরা সকলে যদি নিজ নিজ ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমাজ গঠনে অবদান রাখি। তাহলে নিশ্চয়ই সেটা বাস্তবায়ন করা সম্ভব ইনশাআল্লাহ।’আরও পড়ুন: স্ত্রী জুবাইদা রহমানকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রীতিনি আরও বলেন, ‘নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রে থেকে স্বাস্থ্য-গ্রামীণ উন্নয়নে অংশ নিতে পারে। কন্যাশিশুদের নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, সেই পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে।’ডা. জুবাইদা রহমান বলেন, ‘স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান। যেমন- প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ডেভেলপমেন্ট ও মার্কেটিং সাপোর্ট প্রদান। ফলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি ও সন্তানদের শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে।’এ সময় বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ বলেন, ‘নারীর ক্ষমতায়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।’অনুষ্ঠানে পুনাকের বার্ষিক প্রতিবেদন ২০২৬ তুলে ধরেন প্রতিষ্ঠানটির নেত্রীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় পুনাকের বার্ষিক সমাবেশ।
Go to News Site