Collector
কুয়ালালামপুরে জমকালো ‘বাংলাদেশ উৎসব ২০২৬’ অনুষ্ঠিত | Collector
কুয়ালালামপুরে জমকালো ‘বাংলাদেশ উৎসব ২০২৬’ অনুষ্ঠিত
Somoy TV

কুয়ালালামপুরে জমকালো ‘বাংলাদেশ উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ উৎসব ২০২৬’। রোববার (১০ মে) কুয়ালালামপুরের একটি হোটেলে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম) জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করে।দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের আবহে সাজানো এই উৎসবে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় চার শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্সের সেন্ট্রাল প্রেসিডেন্ট বশির ইবনে জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (কনসুল্যার) ফিরোজ রাব্বানী। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রবাসী তরুণদের এমন সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ফিরোজ রাব্বানী বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি পৌঁছে দিতে এ ধরনের আয়োজন বড় ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতে এই সংস্কৃতিচর্চার ধারা অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।  আরও পড়ুন: মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনের আহ্বান দিনব্যাপী এই উৎসবে কবিতা আবৃত্তি, সংগীতানুষ্ঠান এবং মনোমুগ্ধকর নৃত্যের তালে মেতে ওঠেন উপস্থিত প্রবাসীরা। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি উৎসবে দেশীয় ঐতিহ্যবাহী খাবার ও রকমারি পণ্যের পসরা সাজানো হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। আয়োজক সংগঠনের ইভেন্ট ডিরেক্টর মুশফিকুর রহমান জানান, প্রবাসে স্বরণকালের অন্যতম বৃহৎ এই সাংস্কৃতিক মিলনমেলার মাধ্যমে বিভিন্ন পেশার মানুষের মধ্যে একটি অপূর্ব মেলবন্ধন তৈরি হয়েছে, যা বিদেশের মাটিতে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি ফুটিয়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ফাল্গুনি বাগচি, কমিউনিটি নেতা মাহবুব আলম শাহ, বিয়াম উপদেষ্টা তোফায়েল আহমেদ ও পাভেল সারওয়ার। এছাড়াও ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ড. মারলিও প্রিয়া, শারমিলা লক্ষ্মী ও প্রফেসর ড. জিয়াউল করিম এবং বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া’র সভাপতি আমিনুল ইসলাম রতনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Go to News Site