Collector
মালদ্বীপের মামিগিলি আইল্যান্ডে থাকা বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময় | Collector
মালদ্বীপের মামিগিলি আইল্যান্ডে থাকা বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়
Somoy TV

মালদ্বীপের মামিগিলি আইল্যান্ডে থাকা বাংলাদেশিদের সঙ্গে হাইকমিশনারের মতবিনিময়

মালদ্বীপের মামিগিলি আইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আইল্যান্ডটিতে সফররত ভ্রাম্যমাণ কনস্যুলার সেবার অংশ হিসেবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে জানায় হাইকমিশন।রাজধানী মালে থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে মামিগিলি আইল্যান্ডে সোশ্যাল সেন্টারে অনুষ্ঠিত এ সভায় দ্বীপটিতে কর্মরত অসংখ্য প্রবাসী বাংলাদেশি অংশ নেন। সভায় হাইকমিশনার প্রবাসীদের মালদ্বীপে কাজ ও বসবাস-সংক্রান্ত বিভিন্ন অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের মতামত নেন। এসময় হাইকমিশনার প্রবাসীদের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সভায় হাইকমিশনার প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স প্রেরণ, ই-পাসপোর্ট গ্রহণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ, স্থানীয় আইন-কানুন মেনে চলা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পাশাপাশি তিনি সব প্রবাসীদের অবৈধ ব্যবসা, মাদক সেবন এবং যেকোনো বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।  আরও পড়ুন: ‘ফ্রি ভিসার ফাঁদ’: মালদ্বীপে ভোগান্তি ও বেকারত্বের শিকার বহু বাংলাদেশি হাইকমিশনার প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। কর্মস্থল-সংক্রান্ত যেকোনো বিরোধ দেখা দিলে তা সমাধানের জন্য লেবার রিলেশন অথরিটি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করারও পরামর্শ দেন তিনি। সভায় প্রবাসী বাংলাদেশিরা জানান, মামিগিলি আইল্যান্ড থেকে রাজধানী মালে যাতায়াত অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। একইসাথে থাকা ও খাওয়ার ব্যবস্থা করাও অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। ফলে স্বল্প বেতনে কর্মরত অনেক প্রবাসীর পক্ষেই রাজধানীতে এসে পাসপোর্টসহ বিভিন্ন সেবা গ্রহণ করা কষ্টসাধ্য। এ প্রেক্ষাপটে তারা বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে নিয়মিত বিরতিতে এ ধরনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পরিচালনার আহ্বান জানান, যা তাদের জন্য উল্লেখযোগ্যভাবে সহায়ক হবে বলে। মতবিনিময় শেষে প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিএমইটি কার্ডের সুবিধা সম্পর্কিত লিফলেট বিতরণ করাসহ তাদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করে হাইকমিশন।

Go to News Site