Collector
থালাপতি বিজয়ের সঙ্গে সাক্ষাতের আশায় ৬৫০ কিমি হাঁটলেন কেরালার দম্পতি | Collector
থালাপতি বিজয়ের সঙ্গে সাক্ষাতের আশায় ৬৫০ কিমি হাঁটলেন কেরালার দম্পতি
Somoy TV

থালাপতি বিজয়ের সঙ্গে সাক্ষাতের আশায় ৬৫০ কিমি হাঁটলেন কেরালার দম্পতি

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাতের আশায় ৬৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন কেরালার এক দম্পতি। কেরালার মালাপ্পুরম থেকে চেন্নাই পর্যন্ত তাদের এই ঐতিহাসিক পদযাত্রার গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে।কেরালার মালাপ্পুরম জেলার তানুরের বাসিন্দা মোহাম্মদ রাফি ও উম্মু শাহানামুল। রাফি পেশায় একজন ড্রাইভার, তার স্ত্রী শাহানামুল ভ্রমণ ও দৈনন্দিন জীবন নিয়ে ভিডিও ভ্লগ তৈরি করেন। বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার তিনদিন আগে গত ৭ মে তারা কেরালা থেকে যাত্রা শুরু করেন। আরও কয়েকটি রাজ্যের পাশাপাশি গত মাসে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৪ মে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এতে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে থালাপতি বিজয়ের তামিলাগা ভেট্রি কাজাগাম-টিভিকে। গত রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন থালাপতি বিজয়। তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান। শপথ নেন নতুন সরকারের ৯ মন্ত্রীও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিক ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও এসেছিলেন। রাফি ও শাহানামুল দুজনেই তামিল সিনেমার খ্যাতিমান অভিনেতা বিজয়ের দীর্ঘদিনের ভক্ত। চলচ্চিত্রে অভিনয় থেকে শুরু করে তার নাটকীয় রাজনৈতিক যাত্রা এবং অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার বিষয়টি তাদেরকে মন্ত্রমুগদ্ধ করে। প্রিয় অভিনেতার প্রতি অদম্য ভালোবাসা থেকেই তারা তাকে সরাসরি অভিনন্দন জানানোর লক্ষ্যে দীর্ঘ পদযাত্রার এই অদ্ভূত সিদ্ধান্ত নেন। আরও পড়ুন: শপথের পর সাবেক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিজয়, উত্তরসূরিকে কী বললেন ডিএমকে নেতা যাত্রা শুরু করার পর থেকে তারা ইনস্টাগ্রামে নিয়মিত ভিডিও শেয়ার করেন। এসব ভিডিওতে তাদের পিঠে ব্যাকপ্যাক, তাঁবু ও প্রয়োজনীয় সরঞ্জাম বহন করে মহাসড়ক ধরে হাঁটতে দেখা যায়। ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। এই দম্পতি চেন্নাইয়ের দিকে যাত্রা অব্যাহত রাখার আগে পালাক্কাড় হয়ে তামিলনাড়ুতে প্রবেশ করার পরিকল্পনা করেন। প্রতি রাতে তারা রাস্তার ধারে তাঁবু খাটিয়ে বা আশ্রয় নিয়ে বিশ্রামের জন্য যেখানেই নিরাপদ জায়গা পান, সেখানেই থামেন এবং সূর্যোদয়ের সময় আবার হাঁটা শুরু করেন। গত শনিবার (৯ মে) নাগাদ তারা তামিলনাড়ুর পারালি এলাকায় পৌঁছে যান। স্থানীয় সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এই দম্পতি বলেন, ‘বিজয় চলচ্চিত্রে যে চরিত্রগুলো করেছেন, আমরা বরাবরই তার ভক্ত। আমরা অনেকদিন ধরেই তাকে সামনাসামনি দেখার ইচ্ছা পোষণ করছিলাম।’ তারা আরও বলেন, ‘যখন বিজয় তার রাজনৈতিক দল গঠন করলেন, নির্বাচনে জয়ী হলেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তুতি শুরু করলেন, তখন তার সঙ্গে দেখা করার আমাদের আকাঙ্ক্ষা আরও প্রবল হয়ে উঠল। তখনই আমরা পায়ে হেঁটে চেন্নাই যাওয়ার সিদ্ধান্ত নিই।’ আরও পড়ুন: তামিলনাড়ু / মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথের পর তৃষা কৃষ্ণানের সোশ্যাল মিডিয়া পোস্ট আলোচনায় তবে প্রিয় অভিনেতা বিজয়ের সঙ্গে দেখা করার জন্য কোনো নিশ্চয়তা বা আনুষ্ঠানিক ব্যবস্থাও নেই। এরপরও এই দম্পতি জানান যে, তারা আশাবাদী, শেষ পর্যন্ত তারা সেই সুযোগটি পাবেন।  তাদের এই যাত্রা অনলাইনে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে এবং অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এটিকে ‘থালাপতি উন্মাদনার চূড়ান্ত পর্যায়’ বলে অভিহিত করেছেন। অনেকেই বলেছেন, তাদের এই যাত্রা বিজয়ের সঙ্গে তার ভক্তদের আবেগঘন বন্ধনেরই প্রতিফলন।

Go to News Site