Collector
ডিজিটাল চাপ নিয়ে উদ্বিগ্ন শ্রেয়া, তুললেন শিল্পীদের সমস্যা | Collector
ডিজিটাল চাপ নিয়ে উদ্বিগ্ন শ্রেয়া, তুললেন শিল্পীদের সমস্যা
Jagonews24

ডিজিটাল চাপ নিয়ে উদ্বিগ্ন শ্রেয়া, তুললেন শিল্পীদের সমস্যা

বছরের শুরুতেই জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং ঘোষণা দিয়েছিলেন, তিনি আর ছবিতে প্লেব্যাক করবেন না। তার এই সিদ্ধান্তে চমকে উঠেছিলেন অনুরাগীরা। এরপর গায়িকা শ্রেয়া ঘোষাল-ও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি কিছুটা বিরতি নিতে চান, কারণ আগের মতো আর গান করতে ভালো লাগছে না। এবার ডিজিটাল যুগে সংগীতশিল্পীদের নতুন এক সমস্যার কথা তুলে ধরলেন এই জনপ্রিয় গায়িকা। তার মতে, বর্তমান সময়ে গান তৈরি করার পাশাপাশি শিল্পীদের সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি, ফলোয়ার সংখ্যা এবং গান শোনার পরিসংখ্যান-সবকিছুই নজরদারিতে রাখতে হচ্ছে, যা এক ধরনের বাড়তি চাপ তৈরি করছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, এখনকার দিনে শিল্পীদের শুধু সৃষ্টিশীল কাজেই মনোযোগ দিলে চলে না, বরং অ্যালগরিদম ও ডিজিটাল পারফরম্যান্সের দিকেও নজর রাখতে হয়। এতে অনেক সময় মূল শিল্পীসত্তা বাধাগ্রস্ত হয় এবং পুরো মনোযোগ দিয়ে গান করা কঠিন হয়ে পড়ে। তিনি আরও জানান, নব্বইয়ের দশকে তিনি যখন তার সংগীতজীবন শুরু করেন, তখন পরিস্থিতি ছিল সম্পূর্ণ আলাদা। সে সময় ডিজিটাল চাপ বা পরিসংখ্যানভিত্তিক মূল্যায়নের বিষয় ছিল না। মানুষ শুধুমাত্র গানের প্রতি ভালোবাসা থেকেই শিল্পীদের গ্রহণ করতেন। সেই ভালোবাসাই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে বলে মনে করেন তিনি। বর্তমান প্রজন্মের শিল্পীদের প্রশংসাও করেছেন শ্রেয়া ঘোষাল। তার মতে, তরুণ গায়ক-গায়িকারা একদিকে ভালো গান তৈরি করছেন, অন্যদিকে শ্রোতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগও বজায় রাখছেন, যা একসঙ্গে চালিয়ে যাওয়া সহজ কাজ নয়। আরও পড়ুন:খাবারের কষ্ট পেরিয়ে মুখ্যমন্ত্রী বিজয়, সংগ্রামের গল্প শোনালেন বাবা রণবীরের ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে এখনও অপ্রতিরোধ্য  শ্রেয়া আরও বলেন, একজন শিল্পীর শেখার কোনো শেষ নেই। তিনি নিজেও প্রবীণ ও নবীন শিল্পীদের কাছ থেকে শিখে চলেছেন। তার বিশ্বাস, সংগীতসহ যেকোনো শিল্পে আবেগই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। আবেগ ছাড়া কোনো সৃষ্টি মানুষের হৃদয়ে পৌঁছায় না। এমএমএফ

Go to News Site