Collector
চট্টগ্রামে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার | Collector
চট্টগ্রামে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
Jagonews24

চট্টগ্রামে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকার এক মাদরাসার ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিতেন অভিযুক্ত। পরে নিজ ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার বলাৎকার করা হয় শিশুটিকে। সোমবার (১১ মে) অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু কোতোয়ালি থানার খলিফাপট্টি এলাকার মারকাযুল কুরআন ওয়াচ্ছুন্নাহ মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। গ্রেফতার কিশোর (১৬) ওই মাদরাসার আবাসিক অংশে থাকতেন। এজাহারে বলা হয়, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিতেন অভিযুক্ত। পরে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার বলাৎকার করা হয়। লোকলজ্জা ও ভয়ের কারণে শিশুটি বিষয়টি এতদিন গোপন রেখেছিল। সম্প্রতি ঘটনাটি জানাজানি হলে শিশুটির মা শারমিন সুলতানা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ-২০২৫) এর ৯ (১) ধারায় মামলা করে। মামলার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বাধীন একটি দল খলিফাপট্টি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে তার বাসা থেকে গ্রেফতার করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছে। তাকে প্রয়োজনীয় আইনি ও মানসিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এমআরএএইচ/এএমএ

Go to News Site