Somoy TV
ঝিনাইদহের মহেশপুরে সেলিনা বেগম (৫০) নামের এক নারীর ছিনতাই হওয়া ৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর ভাতিজাসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।সোমবার (১১ মে) রাতে মহেশপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো-উপজেলার জলিলপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে লিটন শেখ (৪০), একই গ্রামের আইয়ুব হোসেন খানের ছেলে আমিনুর রহমান খান (২৪) এবং আব্দুর রহিম বিশ্বাসের ছেলে মোস্তফা জামান ওরফে বরকত বিশ্বাস (৪৭)। আটক লিটন শেখ ওই নারীর ভাতিজা। পুলিশ জানায়, সোমবার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের সেলিনা বেগম পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার জীবননগর থেকে একটি এনজিওর ৬ লাখ টাকা নিয়ে ভাতিজা লিটন শেখের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বিকেল ৪টার দিকে মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের মথুরানগর গ্রামের দত্তনগর-জলিলপুর সড়কে পৌঁছালে দুইজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে সেলিনা বেগমের হাত থেকে টাকাসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আরও পড়ুন: চুরি করতে গিয়ে গ্রিলে আটকা যুবক, ভিডিও ভাইরাল ঘটনার পর টাকা উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে একটি মোটরসাইকেল শনাক্ত করা হয়। সেই সূত্র ধরে প্রথমে আমিনুর রহমানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ছিনতাইয়ের কথা স্বীকার করেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে সেলিনা বেগমের ভাতিজা লিটন শেখ ও বরকত বিশ্বাসকেও আটক করা হয়। এ সময় ছিনতাই হওয়া ৬ লাখ টাকা উদ্ধার করা হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, সেলিনা বেগমের ভাতিজা লিটন শেখই এই ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী। লিটন ও শাওন বদ্দি পরিকল্পনা করে এই ঘটনা ঘটায়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুতই গ্রেফতার করা হবে। এ ঘটনায় মামলা হলে আটক ব্যক্তিদের গ্রেফতার দেখানো হয়েছে।
Go to News Site