Somoy TV
অবৈধ অস্ত্র, গুলি, গানপাউডার, হাত বোমা ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (১২ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। গ্রেফতাররা হলো মো. লিটন জব্বার (৫২), ইসমাইল হোসেন মামুন (৫৫), মো. বাবুল বাবু (৪৫), আইয়ুব ভূইয়া (৩০) ও মো. রোমান (৩৫)। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, গ্রেফতার ডাকাত সদস্যরা ঈদুল আজহাকে কেন্দ্র করে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এরপর ঢাকার পাশে একটি জেলায় স্বর্ণের দোকানেও ডাকাতির পরিকল্পনা ছিল তাদের। এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচয় দেয়। একেকজনের নামে ১৪-১৫ টি মামলা রয়েছে। আরও পড়ুন: ডিবি ও সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ৭ এ সময় পেশাদার ডাকাতদের ওপর নজরদারি চলছে জানিয়ে তিনি বলেন, বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহায়তা নেন। এছাড়া সড়ক-মহাসড়কে পেট্রোলের ব্যবস্থাও করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিবির সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি-ওয়ারি বিভাগের একটি দল। পরে যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ টু যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের মডার্ন বিকল্প উডেন ফার্নিচার দোকান এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ২ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক, একটি চাপাতি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
Go to News Site