Jagonews24
জাপানের শীর্ষ আলুচিপস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যালবি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট হরমুজ সংকটের প্রভাব অনুভব করছে। বর্তমান পরিস্থিতির কারণে কোম্পানিটি তাদের পরিচিত কমলা ও হলুদ রঙের প্যাকেট বদলে অপেক্ষাকৃত সাদামাটা কালো-সাদা প্যাকেজিং ব্যবহার করছে। কোম্পানিটি জানিয়েছে, চলতি মাস থেকে ১৪টি পণ্যের প্যাকেজিংয়ে পরিবর্তন আনা হবে এবং সেখানে কেবল দুই রঙ ব্যবহার করা হবে। ক্যালবি বলেছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে কিছু কাঁচামালের সরবরাহ অস্থিতিশীল হয়ে পড়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শিল্পকারখানায় বহুল ব্যবহৃত উপাদান ন্যাফথার সংকটের কারণে মুদ্রণ কালি সংগ্রহে সমস্যায় পড়েছে প্রতিষ্ঠানটি। এই ন্যাফথা ঘাটতির সঙ্গে হরমুজ সংকট ও আঞ্চলিক সংঘাতের যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ রয়েছে। সোমবার (১১ মে) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের যে জবাব ইরান দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তিনি সাফ বলে দিয়েছেন, এই প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফলে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব আলোচনায় আসে। এতে দুই পক্ষ রাজি হলে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হতো। পরে আলোচনার মাধ্যমে একটি চুক্তির দিকে এগোতে পারত দুই দেশ। রোববার (১০ মে) ওই প্রস্তাবের জবাব দেয় ইরান। সেখানে যুদ্ধের ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, আবার হামলা না চালানোর প্রতিশ্রুতি ও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ নানা দাবির কথা জানায় তেহরান। সূত্র: আল-জাজিরা এমএসএম
Go to News Site