Somoy TV
গত ১৭ বছর দেশ শাসন করা ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ অবহেলা করে বিদেশ থেকে আমদানির ব্যবস্থা করেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।মঙ্গলবার (১২ মে) সকালে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জ্বালানিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন বিএনপি জনগণের সরকার। সরকার দেশীয় সম্পদ আহরণ করে জনগণের উন্নয়নে কাজে লাগাতে চায়।’ দেশের উন্নয়নের জন্য সবার আগে জ্বালানি প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, 'নিজের দেশে জ্বালানি সম্পদ থাকতে আমরা কেন বিদেশ থেকে নিয়ে আসব।' এর আগে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) বোর্ডরুমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় অংশীজনদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ। সভায় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এবং স্থানীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক উপস্থিত ছিলেন। আরও পড়ুন: সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে শিগগিরই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে: জ্বালানিমন্ত্রী এছাড়া বিদ্যুৎ সচিব ও বড়পুকুরিয়া কয়লাখনি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফারজানা মমতাজ, জ্বালানি বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম, বিসিএমসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডি. এম. জোবায়েদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বিসিএমসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক কয়লাখনির সার্বিক অবস্থা তুলে ধরেন। মতবিনিময় সভায় বড়পুকুরিয়া কয়লাখনি ও তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি, মধ্যপাড়া পাথর খনির কার্যক্রম সম্প্রসারণ এবং স্থানীয় উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মন্ত্রী অংশীজনদের বিভিন্ন দাবি-দাওয়া শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। সভা শেষে মন্ত্রী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, 'মধ্যপাড়া পাথর বিক্রির জন্য সরকার সব রকম ব্যবস্থা গ্রহণ করবে।' এ নিয়ে তিনি মধ্যপাড়া প্রকল্পের কর্মকর্তাদের দ্রুত একটি প্রস্তাবনা তৈরির নির্দেশ দেন।
Go to News Site