Collector
বিচার চাই না, আমার পোলারে কোলে ফিরাইয়া দেন: নিখোঁজ জেলের মা | Collector
বিচার চাই না, আমার পোলারে কোলে ফিরাইয়া দেন: নিখোঁজ জেলের মা
Somoy TV

বিচার চাই না, আমার পোলারে কোলে ফিরাইয়া দেন: নিখোঁজ জেলের মা

মোংলায় লোকালয় থেকে নিখোঁজ হওয়ার এক মাসের বেশি সময় পার হলেও সন্ধান মেলেনি জেলে মিরাজ শেখের (৩০)। একমাত্র ছেলেকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন মা তাছলিমা বেগম।থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও সরকারের বিভিন্ন দফতরে আবেদন করেও কোনো প্রতিকার পাচ্ছে না পরিবারটি। ছেলে অপরাধী হলে দেশের আইনে তার বিচার হোক, তবু তাকে অন্তত একবার দেখার আকুতি জানিয়েছেন নিখোঁজ ওই জেলের মা। পেশায় সুন্দরবনের জেলে ও মোটরসাইকেল চালক মিরাজ শেখ গত ৬ এপ্রিল স্থানীয় বাচ্চু ও রফিকুলকে সঙ্গে নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান। চার দিনের পরিশ্রম শেষে ১০ এপ্রিল তারা লোকালয়ে ফিরে আসেন।  প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওইদিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে জয়মনির ঘোল এলাকার একটি দোকানের সামনে থেকে কয়েকজন অপরিচিত লোক মিরাজকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। সাধারণ মানুষ কিছু বুঝে ওঠার আগেই একটি নৌযানে করে তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেয়া হয়। এরপর থেকে পরিবারের সঙ্গে তার আর কোনো যোগাযোগ নেই। নিখোঁজ মিরাজের মা-বাবা, স্ত্রী ও চার বছরের এক ছেলে রয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজ নিখোঁজের ঠিক ১২ দিন পর, গত ২২ এপ্রিল দুপুরে তার বন্ধু বাচ্চুকে মোংলা কোস্ট গার্ডের একটি দল নিজ বাসা থেকে তুলে নিয়ে যায়। রাতে বাচ্চুকে মোংলা থানায় সোপর্দ করা হলেও মিরাজের বিষয়ে তারা কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। স্থানীয়দের ও পরিবারের সন্দেহ, কোস্ট গার্ডের কোনো অভিযানের সময়ই মিরাজকে তুলে নেয়া হয়েছে। তবে বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্বামীর সন্ধান পেতে গত ১ মে মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মিরাজের স্ত্রী মুক্তা খাতুন। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ সরকারের বিভিন্ন দফতরে লিখিত আবেদন জানানো হয়েছে। কিন্তু তদন্তের কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় পরিবারের উদ্বেগ এখন আতঙ্কে রূপ নিয়েছে। আরও পড়ুন: সুন্দরবনে অস্ত্রসহ ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক মিরাজ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার নিখোঁজ হওয়ার পর থেকে অভাবের ছায়া নেমে এসেছে পরিবারটিতে। সন্তানের একটি ধুলোবালি মাখা ছবি বুকে জাপটে ধরে কাঁদতে কাঁদতে মা তাছলিমা বেগম বলেন, ‘আমার কলিজার টুকরা মিরাজরে মানুষের সামনে থেইকা ধইরা নিয়া গেল। এক মাস পার হইয়া গেল, কেউ কইতে পারে না ও কই আছে। ও যদি কোনো দোষ কইরা থাকে তবে দেশের আইন আছে, বিচার হোক। কিন্তু ওরে কেন লুকাইয়া রাখা হইছে? আমার পোলারে কি ওগো কিছু করেছে, ওরে মনে হয় মাইরা সাগরে ভাসাইয়া দিছে?’ বিলাপ করতে করতে তিনি আরও বলেন, ‘আমি কোনো বিচার চাই না, আমি শুধু আমার পোলার মুখ খানা একবার দেখতে চাই। ও কি খাইতে পাইছে? ওরে কি খুব মারছে? আমি আল্লাহর কাছে বিচার দিছি, কিন্তু প্রশাসনের কাছে হাত জোড় করি, আমার একটি মাত্র পোলা; আমার পোলারে আমার কোলে ফিরাইয়া দেন।’ মিরাজ শেখের নিখোঁজের বিষয়ে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, ‘মিরাজ শেখের নিখোঁজের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। তাকে উদ্ধারের জন্য আমাদের গোয়েন্দা তৎপরতা ও অনুসন্ধান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কোনো ইউনিট তাকে আটক করেছে কি না, সে বিষয়েও আমরা তথ্য সংগ্রহ করছি।’

Go to News Site