Somoy TV
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ৪টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে সীমান্তে চোরাচালান রোধে কঠোর নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।মঙ্গলবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সূর্যনারায়ণপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রাম থেকে গরুগুলো জব্দ করা হয়। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। বিজিবি জানায়, জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল শূন্য রেখা (জিরো লাইন) থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালায়। পরে জব্দ করা গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে। আরও পড়ুন: সীমান্তে গরু নিতে এলো বিএসএফ, রুখে দিলো জনতা জানা গেছে, চলতি মে মাসে ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে এ পর্যন্ত মোট ১২টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। এসব গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে অবৈধ পথে গরু চোরাচালান বন্ধে বিজিবির তৎপরতা সম্পর্কে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ‘সীমান্তে অতিরিক্ত লোকবল নিয়োগ, রাতে টহল বৃদ্ধি এবং ড্রোন ব্যবহার করে কঠোর অবস্থান ও নজরদারি রাখা হচ্ছে।’
Go to News Site