Somoy TV
আন্তর্জাতিক নার্সিং ডে উপলক্ষে নর্দান ইন্টারন্যাশনাল নার্সিং কলেজে র্যালি, আলোচনা সভা ও নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১২ মে) সকালে ধানমন্ডিতে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে নার্সিং পেশার মর্যাদা, মানবসেবা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের পরিচালক ড. কাজিম উদ্দিন বলেন, ‘চিকিৎসাসেবাকে মানসম্মত করতে নার্সিং পেশার কোনো বিকল্প নেই। নার্সিংই মেডিকেল পেশার প্রাণ। একটি হাসপাতালে নার্সিং সেবা ভালো না হলে সেখানে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়।’ আরও পড়ুন: শিক্ষার্থীরা পাবেন আর্থিক সহায়তা, আবেদনের সময় বাড়ল তিনি আরও বলেন, ‘একজন চিকিৎসক রোগীর কাছে স্বল্প সময় থাকলেও একজন নার্স শুরু থেকে শেষ পর্যন্ত সেবায় নিয়োজিত থাকেন। এজন্য দক্ষতা অর্জনের বিকল্প নেই। নার্সদের অত্যন্ত বাস্তবিক ও অনুভূতিসম্পন্ন হতে হবে। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। সমাজে নার্সদের যথাযথ মূল্যায়ন ও মর্যাদা নিশ্চিত করা জরুরি।’ কলেজের আরেক পরিচালক কমান্ডার (অব.) মো. মোস্তফা শহীদ বলেন, ‘চিকিৎসকরা রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান করেন, আর নার্সরা তাদের আন্তরিক সেবা, সহমর্মিতা ও নিবিড় পরিচর্যার মাধ্যমে সেই চিকিৎসাকে পরিপূর্ণতা দেন। স্বাস্থ্যসেবায় নার্সদের অবদান কোনো অংশেই কম নয়। মন-প্রাণ উজাড় করে দায়িত্ব পালন করতে হবে, তাহলেই রোগীদের আস্থা ও বিশ্বাস অর্জন করা সম্ভব হবে। একজন দক্ষ ও মানবিক নার্স হতে হলে নিয়মিত শিখতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং পেশাগত দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে।’ বক্তারা জানান, আত্মত্যাগ ও মানবসেবার মানসিকতা নিয়ে কাজ করাই একজন প্রকৃত নার্সের মূল শক্তি। একজন নার্সের সহমর্মিতা ও আন্তরিক সেবা অনেক সময় একটি জীবন বাঁচিয়ে দিতে পারে। বিশেষ করে দেশের বিভিন্ন মহামারিকালে নার্সদের অবদান ছিল অতুলনীয়। আরও পড়ুন: সব মেডিকেল কলেজে ক্লাস শুরু আজ, ১১ হাজার গাছ লাগাবেন নবীনরা অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রুক্ষিনী কর্মকার, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মমতাজ বেগমসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Go to News Site